জঙ্গি ও মানুষ একসঙ্গে থাকতে পারে না: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গির সঙ্গীকে নির্মূল করে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেওয়াই বর্তমান মহাজোট সরকারের প্রধান কাজ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। আজ বুধবার বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরের ধানহাটি মোড়ে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘সীমান্তে যেমন হাতির উপদ্রবের কারণে জানমালের ক্ষতি হচ্ছে, তেমনি রাজনীতিতে জঙ্গিরা অনুপ্রবেশ করে নিরীহ মানুষের জানমালের ক্ষতিসাধন করছে। বন্য হাতি আর মানুষ যেমন একসঙ্গে বসবাস করতে পারে না, তেমনি জঙ্গি ও আমরা একসঙ্গে থাকতে পারি না।’

জঙ্গিদের মদদদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, এ জন্য খালেদা জিয়াকেও জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ বিশ্বের কাছে উন্নত ও সমৃদ্ধিশালী দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। তাঁর (হাসিনা) নেতৃত্বে দেশের অনেক উন্নয়ন হয়েছে, আরও হবে। এ উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক খালেদা জিয়াকে বিতাড়িত করতে হবে। শেখ হাসিনা বাংলাদেশকে, গণতন্ত্রকে ও মানুষকে রক্ষার যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর এ যুদ্ধে সহযোগী হিসেবে কাজ করার জন্য জাসদের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সরকারদলীয় সাংসদ প্রকৌশলী এ কে এম ফজলুল হক। এ ছাড়া সমাবেশে উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এ কে এম ছামেদুল হকসহ জাসদ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে তথ্যমন্ত্রী ঝিনাইগাতীর গজনী অবকাশ কেন্দ্রে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ৬৭ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।