জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধ সেল গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সেল গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সেল গঠনের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীকে প্রধান করে এ সেল গঠন করা হয়েছে। সিনেট প্রতিনিধি, সিন্ডিকেট প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ১৭ জনের সমন্বয়ে এ সেল গঠন করা হয়। গতকাল বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও দপ্তরে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামরুল হুদার স্বাক্ষর করা চিঠিতে উল্লেখ করা হয়, গুলশান ও কিশোরগঞ্জে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দেশের আইনশৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ রক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধ সেল’ গঠন করা হলো।
কামরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘জঙ্গি কার্যক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দু-একজন শিক্ষার্থীর নাম আসায় আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। যেকোনো পরিস্থিতিতে ব্যবস্থা গ্রহণের জন্যই এ সেল গঠন করা হয়েছে।’
এদিকে বিশ্ববিদ্যালয়ে অনুমতি ছাড়া বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ পদক্ষেপগুলোর একটি হচ্ছে বহিরাগতদের পরিচয় যাচাই না করে প্রবেশ করতে না দেওয়া। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।