জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক দিয়েছেন ধর্মীয় নেতারা। তাঁরা বলেছেন, ধর্মকে ব্যবহার করে যারা একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে যাচ্ছে, তারা কোনোভাবেই ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী নয়। কারণ হত্যা, ধ্বংস, লুটতরাজ, অন্যের সম্পদ বিনষ্ট করা কোনো ধর্মের বিধানের মধ্যে নেই। সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের সম্মেলনকক্ষে ‘ধর্মীয় সম্প্রীতি সম্মেলন’-এ বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতারা এ আহ্বান জানান। বাংলাদেশ পুলিশ এই সম্মেলনের আয়োজন করে। ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের নেতারা সম্মেলনে অংশ নেন। তাঁরা বলেছেন, এ দেশে ধর্মীয় উগ্রবাদকে কখনোই ঘাঁটি গাড়তে দেওয়া হবে না।
দেশের বিভিন্ন স্থানে একের পর এক হামলা চালিয়ে ছাত্র, শিক্ষক, প্রকাশক, সংস্কৃতিকর্মীদের হত্যা করা হচ্ছে। দায় স্বীকার করে এসব হত্যাকাণ্ডের অনেকগুলোতেই বিবৃতি দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস। এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এ আয়োজন করা হলো।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশে কোনো মসজিদ, কোনো মাদ্রাসায় আইএসের অস্তিত্ব পাওয়া যায়নি। এখানে কিছু অভ্যন্তরীণ জঙ্গি (হোম গ্রোন) আছে। তারা মাঝেমধ্যে নৈরাজ্যে সৃষ্টি করার চেষ্টা করে। কিন্তু এখন তারাও বুঝে গেছে যে এভাবে আর হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ শান্তির দেশ, ধর্মীয় সম্প্রীতির দেশ, এটা যখন চারদিকে ছড়িয়ে পড়ছে, তখন শান্তি বিনষ্টের জন্য এখানে ষড়যন্ত্র করা হচ্ছে। কিছুদিন আগেই অগ্নি-সন্ত্রাস করে মানুষের স্বাভাবিক চলাচল, স্বাভাবিক জীবনে বিঘ্ন ঘটানো হয়েছিল। সবাই মিলে তা প্রতিরোধ করেছে। এখন মানুষ হত্যা করছে আর নাম দিচ্ছে আইএস। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, ‘সিরিয়া, ইরাক ও আফগানিস্তানে কেন আজ এ অবস্থা, কারণ সেখানে ষড়যন্ত্র রয়েছে। আল-কায়েদা কাদের সৃষ্টি, তা আপনারা ভালো করেই জানেন, বোঝেন। ওই সব দেশে তারা যেভাবে এসেছিল, সেভাবে বাংলাদেশেও আসতে চায়। এসব বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।’
শহীদুল হক বলেন, ‘যাঁরা শুধু দেশ নয়, বিশ্ব নিয়েও চিন্তা করেন, তাঁদের বলব, এখানে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে।...মায়ের চেয়ে মাসির কান্না, মাসির মায়া বেশি—সেটাও আমরা দেখেছি।’
শোলাকিয়া ঈদগাহের ইমামমাওলানাফরিদ উদ্দিন মাসউদ বলেন, ‘ইসলামের নামে হত্যাকাণ্ড ঘটিয়ে যারা ইসলামকে বর্বররূপে প্রকাশ করছে, তারা ইসলামের সবচেয়ে বড় শত্রু। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে ফতোয়া দিতে ১ লাখ আলেম এক হয়েছেন। ইতিমধ্যে ৭৬ হাজার লিখিতভাবে তাঁদের সমর্থন জানিয়েছেন। বাকিটা পূর্ণ হলেই ফতোয়া দেওয়া হবে।’
রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ধ্রুবেশানন্দজি বলেন, নিজ ধর্মে নিষ্ঠা রেখে অন্য সব ধর্মে শ্রদ্ধা দেখানোই ধর্মের মূল কথা। এ কাজটি সঠিকভাবে করলেই আর কোনো ভেদাভেদ থাকে না।
ঢাকার আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও বলেন, ‘২৫ বছর আগে বিশপ হয়ে নিজ গ্রামে গিয়েছিলাম। বাড়ি যাওয়ার তিন কিলোমিটার পথের মধ্যে কোনো খ্রিষ্টান বাড়ি নেই। কিন্তু সেই রাস্তায় আমার হিন্দু, বৌদ্ধ, মুসলমান ভাইয়েরা মিলে তিনটি গেট নির্মাণ করেছিলেন। তাঁরা ধর্ম দেখেন নাই। তাঁরা বলেছিলেন, শান্তির বার্তা ছড়িয়ে দিতে আমরা তো আমাদেরই একজনকে পেয়েছি। এমনই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের।’
সম্মেলনে অন্যদের মধ্যে ঢাকার মদিনাতুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রাজ্জাক, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্মল রোজারিও, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক অশোক বড়ুয়া, ইসলামি শিক্ষাকেন্দ্রের প্রিন্সিপাল সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভি, বাংলাদেশে বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত সংঘনায়ক শুদ্ধানন্দ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া প্রমুখ বক্তব্য দেন।