জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে গতকাল রোববার নওগাঁ ও বগুড়ার আদমদীঘি উপজেলায় পৃথক কর্মসূচি পালিত হয়েছে। নওগাঁ শহরে ইসলামিক ফাউন্ডেশন কর্মশালার আয়োজন করে। আদমদীঘিতে প্রতিবাদ-সভা ও মানববন্ধন করে উপজেলা ছাত্রলীগ।

বক্তারা জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাঁরা আরও বলেন, ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে মুসলিম তরুণসমাজকে বিপথগামী করে জঙ্গিবাদের বিস্তার ঘটানো হচ্ছে। তাই সমাজের সর্বস্তরে প্রকৃত ইসলামি চেতনা ছড়িয়ে দিয়ে জঙ্গিবাদ রুখতে হবে।

নওগাঁ শহরের মুক্তি কমিউনিটি সেন্টারে ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয় আয়োজিত কর্মশালায় জেলার বিভিন্ন মসজিদের ইমামদের পাশাপাশি জেলার বিভিন্ন পর্যায়ের ওলামা, মাশায়েখ এবং ইসলামি চিন্তাবিদেরা অংশ নেন।

‘সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধে ইসলামের আহ্বান’ শীর্ষক এ কর্মশালায় সভাপতিত্ব করেন নওগাঁ ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের উপপরিচালক সৈয়দ আমিন উদ্দিন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আমিনুর রহমান। প্রধান আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের গবেষক ও মিরপুর জামিয়া মোহাম্মাদিয়া আরাবিয়া মাদ্রাসার শিক্ষক সৈয়দ ওয়াহিদুজ্জামান। আরও বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম।

বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে সান্তাহার-বগুড়া মহাসড়কে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু রেজা খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান জিল্লুর রহমান, আওয়ামী লীগের নেত্রী সালমা বেগম, মুক্তিযোদ্ধা আবির উদ্দীন, ছাত্রলীগ নেতা মাহমুদ হাসান, তহুরুল ইসলাম, মাহফুজুর রহমান প্রমুখ।