জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে কৌশলপত্র অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইপিইউর সম্মেলন শেষে গতকাল বক্তব্য দেন ফোরামের প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী l ফোকাস বাংলা
আইপিইউর সম্মেলন শেষে গতকাল বক্তব্য দেন ফোরামের প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী l ফোকাস বাংলা

ঢাকা ঘোষণার মধ্য দিয়ে রাজধানীতে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) পাঁচ দিনের সম্মেলন গতকাল বুধবার শেষ হলো। এবারের ১৩৬তম সম্মেলনে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, বৈষম্য কমাতে আইনি কাঠামো শক্তিশালী করাসহ বিভিন্ন বিষয়ে প্রস্তাব গ্রহণ করেছে আইনসভাগুলোর সবচেয়ে বড় এই আন্তর্জাতিক ফোরাম।

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে আইপিইউ একটি কৌশলপত্র নীতিগতভাবে অনুমোদন করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আইপিইউর নির্বাহী কমিটির সভায় এ বিষয়ে একটি খসড়া ধারণাপত্র নীতিগতভাবে অনুমোদন করা হয়। গত ৩১ মার্চ ঢাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে গতকাল বুধবার আইপিইউর প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী প্রথম আলোকে এই তথ্য জানান।

সাবের হোসেন বলেন, এ বিষয়ে যে খসড়া তৈরি করা হয়েছে, তা অনেকটাই চূড়ান্ত। কৌশলটি অবশ্যই বিভিন্ন দেশের সংসদ বা আইনসভার মাধ্যমে বাস্তবায়ন করা হবে। তবে কীভাবে বাস্তবায়ন করা হবে, সেটা আইপিইউ ঠিক করবে।

বিকেলে আইপিইউর সাধারণ সভায় কোনো সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশ হস্তক্ষেপ করতে পারবে না মর্মে একটি প্রস্তাব সভার সভাপতি শিরীন শারমিন চৌধুরী ভোটে দিলে তা তুমুল করতালির মধ্যে পাস হয়। তবে পর্তুগালের প্রতিনিধি পশ্চিম ইউরোপের ১২টি দেশের পক্ষে ফ্লোর নিয়ে বলেন, ‘আমাদের কিছু ভূরাজনৈতিক গোষ্ঠী আছে। এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের মত থাকা প্রয়োজন। তাই আমরা এই প্রস্তাবটি গ্রহণ করতে পারছি না।’

সমাপনী অনুষ্ঠানে ঢাকা ঘোষণা সম্পর্কে সাবের হোসেন বলেন, সম্মেলনে গৃহীত প্রস্তাবগুলো সদস্যদেশগুলো নিজ নিজ দেশে বাস্তবায়নে কাজ করে যাবে। আইপিইউ সম্মেলনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সম্মেলন দাবি করে তিনি বলেন, ‘প্রথমবারের মতো আইপিইউর এই সম্মেলনকে গ্রিন সম্মেলন বলা হয়েছে। আমরা যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছি। তারা জানিয়েছে, সম্মেলন উপলক্ষে যেসব বিমান চলাচল করেছে, তাতে ৩ হাজার ৪০০ টন কার্বন নিঃসরণ হয়েছে। বাংলাদেশে যারা এখনো কাঠ-কয়লা পুড়িয়ে চুলা জ্বালায়, তাদের উন্নতমানের চুলা সরবরাহ করে এই ক্ষতি পুষিয়ে নেওয়া হবে। তারপর এটি গ্রিন সম্মেলন হিসেবে স্বীকৃত হবে।’

বিশ্বের সবচেয়ে বড় এই সংসদীয় ফোরাম মনে করে, জঙ্গিবাদের বিরুদ্ধে বিভিন্ন দেশ যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, তা যথাযথ নয়। দেশগুলো জঙ্গিদের আক্রমণ ঠেকিয়ে যাচ্ছে। কিন্তু জঙ্গিবাদ প্রতিরোধ বা নির্মূলে তারা দৃশ্যত এখনো কোনো ব্যবস্থা নেয়নি। তাই আইপিইউ এ পদক্ষেপ নিয়েছে।

শিরীন শারমিন বলেন, জঙ্গি হামলার ভয় উপেক্ষা করে বিশ্বনেতারা সম্মেলনে এসে বাংলাদেশের প্রতি আস্থা প্রকাশ করেছেন।

সাবের হোসেন চৌধুরী বলেন, ‘এ পর্যন্ত সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে যত সিদ্ধান্ত হয়েছে, ইতিমধ্যে সেগুলো আমরা জড়ো করেছি। সেখানে দেখা গেছে এসব ক্ষেত্রে সংসদের ভূমিকা কী হবে, তা জাতিসংঘের বিভিন্ন সিদ্ধান্তে সুস্পষ্ট বলা আছে। সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হলে জঙ্গিবাদ প্রতিরোধ করা সম্ভব হবে। আইপিইউ সেই কাজটি করার চেষ্টা করবে।’

এরপর অন্যান্য প্রস্তাব গ্রহণ শেষে ছয় দফা ‘ঢাকা ঘোষণা’র মধ্য দিয়ে ১৩৬তম আইপিইউ সম্মেলনের সমাপ্তি টানেন অনুষ্ঠানের সভাপতি শিরীন শারমিন চৌধুরী। ১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হািসনা আইপিইউ সম্মেলনের উদ্বোধন করেন। ঢাকা ঘোষণা সম্পর্কে আইপিইউর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের বর্ধনশীল তরুণ প্রজন্ম বেকারত্ব, সম্পদহীনতা ও স্বল্প মজুরিসহ নানা সমস্যায় ভুগছে। বৈষম্য কমাতে আইপিইউ এসব বিষয়ের সমাধানে সদস্যভুক্ত দেশগুলোর উদ্যোগ আশা করছে।

সবশেষে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবের হোসেন চৌধুরী বলেন, এই সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশ সম্পর্কে সারা বিশ্বে যে নেতিবাচক ধারণা ছিল, তা ভেঙে গেছে। বাংলাদেশ যে উন্নয়নের রোলমডেল তা তারা দেখে গেছে।