নানা আয়োজনে গতকাল রোববার যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজবাড়ী ও মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। ভোরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। দিবসটি উপলক্ষে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, শোভাযাত্রা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও খেলাধুলার প্রতিযোগিতা।
এসব কর্মসূচির আয়োজনে ছিল সংশ্লিষ্ট জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। এ ছাড়া দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, সমৃদ্ধ ও সম্ভাবনাময় দেশ গঠনের স্বার্থে জঙ্গিবাদ রুখতেই হবে। সবাইকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদবিরোধী শপথ নিতে হবে। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
যশোর শহরের খুলনা বাসস্ট্যান্ডে নির্মিত বিজয়স্তম্ভে সকালে পুষ্পমাল্য অর্পণ করে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মীরা মুষ্টিবদ্ধ হাত তুলে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদমুক্ত সুখী-সমৃদ্ধ দেশ গড়ার শপথ নেন।
পরে শামস্-উল-হুদা স্টেডিয়ামে কুচকাওয়াজের আয়োজন করা হয়। এতে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, স্কুল-কলেজ-মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন অংশ নেয়। সন্ধ্যায় টাউন হল মাঠে ‘মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুষ্টিয়ায় ভোরে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন। পরে মজমপুর এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া জেলার বধ্যভূমিগুলোয় ফুল দেওয়া হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজসহ খেলাধুলা অনুষ্ঠিত হয় এবং সেখানে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে সকাল নয়টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর একটি শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে প্রশাসন ভবনের সভাকক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত ১৪ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়।
ঝিনাইদহে সকালে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের অংশগ্রহণে শোভাযাত্রা বের হয়। অংশগ্রহণকারী ব্যক্তিরা শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। সকাল সাড়ে ১০টার দিকে শহরের পুরোনো ডিসি কোর্টের মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। দুপুরে ঝিনাইদহ পুলিশের পক্ষ থেকে ৩৯ জন অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়। বেলা দুইটায় ঝিনাইদহ প্রেসক্লাবের আয়োজনে মহান স্বাধীনতাযুদ্ধে সংবাদপত্র ও সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাগুরায় সকাল সাড়ে ছয়টায় শহরের নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সকাল আটটায় মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে পুলিশ, আনসার, বিএনসিসি, রোভার স্কাউটস, স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজের আয়োজন করা হয়। পরে সেখানে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে অনুদান দেওয়া হয়। সন্ধ্যায় আছাদুজ্জামান মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।
রাজবাড়ীতে সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল আটটায় শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠে পুলিশ, বিএনসিসি, আনসার-ভিডিপি, স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের বাসভবনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়। এ ছাড়া সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একই মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেহেরপুরে সকাল ছয়টায় সরকারি কলেজ মোড়ে অবস্থিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ ছাড়া জেলায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসকের নেতৃত্বে বড়বাজার শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। সকাল আটটায় জেলা স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের আয়োজন করা হয়। এতে পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়। দুপুরে প্রশাসনের কর্মকর্তারা মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সঙ্গে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময় করেন। এ ছাড়া চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে ‘মুক্তিযুদ্ধের গল্প’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।