জঙ্গি ও সন্ত্রাসী কাজে অর্থায়নের শাস্তি মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি তৎপরতা ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে অর্থায়নের অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০১১-এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।এ আইনানুযায়ী ব্যাংক ছাড়াও এনজিওসহ সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানের সন্দেহজনক আর্থিক লেনদেন সরকার তদন্ত করতে পারবে। ওই সব প্রতিষ্ঠানও সরকারকে এ-সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে বাধ্য থাকবে। বিদ্যমান আইনে সরকারের কেবল ব্যাংকের আর্থিক লেনদেন তদন্ত করার ক্ষমতা ছিল।সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে গত তিন বছরে সরকারের সাফল্য ও ব্যর্থতাসহ বিভিন্ন মন্ত্রণালয় এবং মন্ত্রীদের সম্পর্কে বিভিন্ন সময়ে গণমাধ্যমে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে, সেসব নিয়েও আলোচনা হয়। অসত্য সংবাদ পরিবেশন করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রেস কাউন্সিলে আপত্তি দেওয়ার পরামর্শ দেওয়া হয়।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সংবাদ ব্রিফিংয়ে বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং এই কাজে অর্থায়ন বন্ধে সন্ত্রাসবিরোধী আইন অনুমোদন দেওয়া হয়েছে। আগেও আইনটি ছিল, কিন্তু কিছু অস্পষ্টতা ছিল। এখন আইনটিকে যুগোপযোগী করা হয়েছে। বৈঠকে পাওয়ার অব অ্যাটর্নি আইন, ২০১১; দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১১ ও পাটনীতির খসড়াও অনুমোদন দেওয়া হয়।সন্ত্রাসবিরোধী আইন: সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ জোগানোর অপরাধসংক্রান্ত বিষয়ে সুস্পষ্ট কিছু না থাকায় সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করা হচ্ছে। বিদ্যমান আইনে ব্যাংককে আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করা হলেও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে নির্দিষ্ট করা নেই। সংশোধনীতে ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হয়েছে। কারও বিরুদ্ধে জঙ্গি ও সন্ত্রাসী কাজে অর্থ জোগানোর অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।এ ছাড়া অপরাধের ধরন অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড বা অনূর্ধ্ব ২০ বছর এবং অন্যূন তিন বছর পর্যন্ত যেকোনো মেয়াদে সশ্রম কারাদণ্ড বা অতিরিক্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। বৈঠকে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুর রাজ্জাকের মৃত্যুতে মন্ত্রিসভায় শোকপ্রস্তাব অনুমোদিত হয়। জনগণের ক্ষমতায়নের বিষয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাব জাতিসংঘে গৃহীত হওয়ায় তাঁকে মন্ত্রিসভায় অভিনন্দন জানানো হয়।