জঙ্গি কর্মকাণ্ডের প্রত্যক্ষ-পরোক্ষ প্রচার চালানো যাবে না
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের কর্মকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষ প্রচার চালানো যাবে না। পুলিশ বলেছে, জঙ্গি কর্মকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচার করা দেশের প্রচলিত আইনের শাস্তিযোগ্য অপরাধ। আজ রোববার পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জঙ্গি কর্মকাণ্ডের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম, ব্লগ, অনলাইন বা অন্য যোগাযোগমাধ্যমে লাইক, শেয়ার, মন্তব্য করাসহ বিভিন্ন উপায়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচার চালানো তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (সংশোধন) আইন ও ২০১৩ সালের সন্ত্রাসবিরোধী আইনসহ দেশের অন্য প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। কিছু ব্যক্তি জেনে বা না জেনে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের কর্মকাণ্ডের বিভিন্নভাবে প্রচার চালাচ্ছেন। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করেছেন। এর ব্যত্যয় ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।