জঙ্গি খামারু গ্রেপ্তারের পর সুর পাল্টাল যুবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত জঙ্গিসংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তালিকাভুক্ত সদস্য মাহাতাব খামারু (৪৯) ওরফে জঙ্গি খামারু ছিলেন রাজশাহীর বাগমারা উপজেলা যুবদলের একাংশের সহসভাপতি। তাঁকে গ্রেপ্তারের পর সুর পাল্টিয়েছে যুবদল। তারা দাবি করছে, খামারু দলের কেউ নন। র‌্যাব-৫ সূত্রে জানা যায়, জঙ্গি-সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে গত সোমবার ভোরে খামারুকে বাগমারার তালঘরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি জেএমবির তালিকাভুক্ত সদস্য। তাঁর বিরুদ্ধে জঙ্গিসংশ্লিষ্ট অর্ধডজন মামলা রয়েছে। এর আগেও তিনি র‌্যাব ও পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। বিএনপি, যুবদল ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছর জেল থেকে জামিনে মুক্তি পেয়ে খামারু বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। উপজেলার হামিরকুৎসা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দেন। ওই সময় উপজেলা যুবদলের একাংশের সহসভাপতি হন তিনি। নিজের এই পরিচয় দিয়ে এলাকায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, রাজশাহী জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফার ছবি দিয়ে ডিজিটাল ব্যানারও টাঙান। অংশ নেন বিএনপি ও যুবদলের বিভিন্ন অনুষ্ঠান-কর্মসূচিতে। উপজেলা বিএনপি ও যুবদলের নেতাদের সঙ্গে এক মঞ্চেও দেখা যায়। এ নিয়ে দলের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। খামারুকে বহিষ্কারের দাবিতে মিছিল-সমাবেশ করে দলের একটি অংশ। বাগমারা যুবদলের একাংশের সভাপতি কামাল হোসেন দাবি করেন, জঙ্গি খামারু দলের বিভিন্ন অনুষ্ঠানে অতীতে অংশ নিলেও তিনি যুবদলের কেউ নন।একই দাবি করেন যুবদলের অপর অংশের সভাপতি গোলাম রাব্বানী। এক অনুষ্ঠানে তাঁর সঙ্গে জঙ্গি খামারুর ছবি রয়েছে জানালে অস্বীকার করেন রাব্বানী। তবে হামিরকুৎসা ইউপি চেয়ারম্যান বিএনপির কর্মী মামুনুর রশিদ বলেন, ইউপি নির্বাচনের আগে মাহাতাব খামারু যুবদলের সহসভাপতি পরিচয় দিয়ে বিএনপির সমর্থন নেওয়ার চেষ্টা করেছিলেন।গ্রেপ্তারের পর খামারুর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে আগে তিনি নিজেকে উপজেলা যুবদলের সহসভাপতি বলে দাবি করেছিলেন। যুবদলের সহসভাপতি উল্লেখ করে তাঁকে নিয়ে সংবাদ প্রকাশিত হলেও সংগঠনের পক্ষ থেকে তা অস্বীকার করে কোনো বিবৃতি বা প্রতিবাদ জানানো হয়নি।