জঙ্গি খায়রুলের সহযোগীসহ দুই জনের আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় অভিযানে নিহত জঙ্গি খায়রুল ইসলাম ওরফে পায়েলের সহযোগীসহ সন্দেহভাজন দুই জঙ্গি আত্মসমর্পণ করেছেন। তাঁরা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার আবদুল হাকিম (২২) ও বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মাহমুদুল হাসান ওরফে বিজয় (১৭)। র্যা ব বলেছে, এঁরা নব্য জেএমবির সদস্য।
গতকাল বুধবার বগুড়ায় র্যা ব-১২ আয়োজিত জঙ্গিদের আত্মসমর্পণ ও জঙ্গিবিরোধী সমাবেশে এ দুজনকে হাজির করা হলে তাঁরা আত্মসমর্পণের কথা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য তাঁদের প্রত্যেকের হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন।
যোগাযোগ করা হলে হাকিমের মা সুফিয়া বেগম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঈদুল ফিতরের এক সপ্তাহ পর বৃহস্পতিবার (১৪ জুলাই) হাকিমকে বগুড়া র্যা ব-১২-এর ক্যাম্পে সোপর্দ করে পরিবার। এত দিন হাকিম র্যা বের হেফাজতেই ছিলেন।
অনুষ্ঠান শেষে এ বিষয়ে জানতে চাইলে র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘হাকিম আজকেই (৫ অক্টোবর) র্যা বের কাছে আত্মসমর্পণ করেছেন। এত দিন ধরে র্যা বের হেফাজতে ছিলেন বলে তাঁর পরিবার যে দাবি করছে সেটা সঠিক নয়।’
হাকিমের বাড়ি শাজাহানপুরের কামারপাড়া গ্রামে এবং তিনি বিহিগ্রাম আহছানিয়া দারুল উলুম সেন্ট্রাল মাদ্রাসার ফাজিল শ্রেণির ছাত্র। গুলশানে নিহত জঙ্গি খায়রুল ওই মাদ্রাসায় হাকিমের সহপাঠী ছিলেন। আত্মসমর্পণ করা অপরজন মাহমুদুলের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের চরপাড়া গ্রামে।
বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের আহ্বানে সাড়া দিয়ে জঙ্গিরা দলবেঁধে আত্মসমর্পণের জন্য যোগাযোগ করছেন। বগুড়ায় দুজন ছাড়াও যশোরে তিনজন জঙ্গি আত্মসমর্পণ করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে কিছু তরুণকে অন্ধকার পথে টেনে নিয়ে গেছে তাঁদের ‘বড় ভাই’। এই কথিত ‘বড় ভাই’ হলো ইসলামী ছাত্রশিবির। তিনি জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, স্বাভাবিক জীবনে ফিরে আসার সব ব্যবস্থা করা হবে। তিনি বলেন, যাঁরা আত্মসমর্পণ করছেন, তাঁদের যাঁরা মদদ, অর্থ ও উসকানিদাতা, তারা এখনো ঘাপটি মেরে বসে আছে। তাদের চিহ্নিত করা হয়েছে, খুঁজেও বের করা হবে।
গুলশান ও কল্যাণপুরে অভিযানে নিহত জঙ্গিদের পরিবার পরিচয় দেয়নি এবং লাশ নিতে আসেনি দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাধ্য হয়ে তাদের লাশ আমরা দাফনের ব্যবস্থা করেছি।’
অনুষ্ঠানে আবদুল হাকিম দাবি করেন, তিনি খায়রুলের প্ররোচনায় জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তাঁকে জঙ্গি প্রশিক্ষণের জন্য ঢাকার মিরপুরে একটি আস্তানায় নিয়ে যান খায়রুল। সেখানে অস্ত্র প্রশিক্ষণ, জিহাদ ও যুদ্ধের ওপর ক্লাস হতো। ওই আস্তানায় রানাসহ আট-নয়জন জঙ্গি অবস্থান করছিল। তিনি সেখানে প্রশিক্ষণ নেওয়ার সময় হলি আর্টিজান ও শোলাকিয়ায় হামলা হয়। হামলার নৃশংসতা দেখে ভুল বুঝতে পেরে তিনি আত্মসমর্পণ করেন।
তবে গুলশানে খায়রুল নিহত হওয়ার পর থেকে তাঁর পরিবার দাবি করছিল, হাকিমই বিশ্ববিদ্যালয়ে ভর্তির কথা বলে খায়রুলকে ঢাকায় নিয়ে জঙ্গি বানিয়েছেন। খায়রুলের মা পিয়ারা বেগম গতকাল প্রথম আলোকে বলেন, ছেলেকে যে ডেকে নিয়ে জঙ্গি বানাল, যার জন্য তিনি ছেলে হারালেন, সে-ই পেল পাঁচ লাখ টাকা। আর তিনি ছেলের লাশও পেলেন না।
অনুষ্ঠানে মাহমুদুল বলেন, অষ্টম শ্রেণিতে পড়ার সময় ছাত্রশিবিরে যোগ দেন। বগুড়া পলিটেকনিকে পড়তে এসে জেএমবিতে যোগ দেন। গাইবান্ধা ও বগুড়ায় জেএমবির বিভিন্ন সভা ও প্রশিক্ষণে অংশ নিয়েছেন। থ্রিমা ও ভিপিএন অ্যাপস ব্যবহারে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তাঁকে। অস্ত্র প্রশিক্ষণের জন্য ১০ হাজার টাকাসহ প্রস্তুত থাকতে বলা হয়েছিল তাঁকে। জঙ্গিবিরোধী অভিযান শুরু হলে আত্মগোপন করেন। পরে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন।
অনুষ্ঠানে মাহমুদুলের কৃতকর্মের জন্য ক্ষমা চান তাঁর মা আকতার জাহান। তিনি মঞ্চে উঠে কান্নায় ভেঙে পড়েন। বলেন, সঙ্গদোষে তাঁর ছেলে অন্ধকারের পথে পা বাড়িয়েছিল। আলোর পথে ফিরতেই আত্মসমর্পণ করেছে।
অনুষ্ঠানে র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, শুধু গ্রেপ্তার ও মামলা দিয়ে জঙ্গি নির্মূল করা যাবে না। জঙ্গিদের আত্মসমর্পণের মাধ্যমে ভুল পথ থেকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, গত ১ জুলাই থেকে র্যা ব ৩৪ জঙ্গিকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ৩২ জনকে কারাগারে সোপর্দ করা হয়েছে এবং দুজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।
অনুষ্ঠানে র্যা ব-১২-এর অধিনায়ক শাহাবুদ্দিন খান, বগুড়া সদরের সাংসদ নুরুল ইসলাম ওমর, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, বগুড়া র্যা ব ক্যাম্পের অধিনায়ক এ এফ এম আজমল হোসেন এবং জেলা ইমাম-মুয়াজ্জিন সমিতির সভাপতি আবদুল কাদের বক্তব্য দেন।
গাইবান্ধা প্রতিনিধি জানান, সাঘাটার ভরতখালী ইউনিয়নের চরপাড়া গ্রামে মাহমুদুলের বাড়ি। এলাকায় তিনি হাসান নামে পরিচিত। তাঁর বাবা মারা গেছেন। দুই ভাইয়ের মধ্যে মাহমুদুল ছোট। ২০১৩ সালে ভরতখালী উচ্চবিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পান। এরপর ভর্তি হন বগুড়ায় পলিটেকনিক ইনিস্টিটিউটে।
গতকাল বিকেলে গাইবান্ধা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে চরপাড়া গ্রামে মাহমুদুলদের বাড়িতে গিয়ে দেখা যায়, কেউ নেই। প্রতিবেশীরা বললেন, আত্মসমর্পণ অনুষ্ঠানে যোগ দিতে তাঁর মা ও ভাই বগুড়ায় গেছেন। মাহমুদুলের জ্যাঠাতো ভাই মোস্তাফিজুর রহমান বলেন, দুই দিন আগে খবর পান, মাহমুদুল আত্মসমর্পণ করবেন। তিনি জঙ্গিসংশ্লিষ্ট কাজে জড়িত ছিলেন, এমন তথ্য তাঁরা জানেন না।
মাহমুদুলের বড় ভাই আবু নাসের সন্ধ্যায় মুঠোফোনে বলেন, মাহমুদুল বগুড়ায় হোস্টেলে থেকে লেখাপড়া করত। লেখাপড়া ছাড়া সে কী করত তা তাঁদের জানা নেই।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান মুঠোফোনে বলেন, মাহমুদুল হাসানের নামে সাঘাটা থানায় জঙ্গি-সংক্রান্ত কোনো মামলা নেই।