জঙ্গি গাফফারের তিন দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটির সুরক্ষিত এলাকার দুটি মসজিদে আত্মঘাতী বোমা (গ্রেনেড) হামলার ঘটনায় গ্রেপ্তার জেএমবির জঙ্গি আবদুল গাফফারকে জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর হাকিম মো. আল ইমরান খান গতকাল রোববার শুনানি শেষে এ আদেশ দেন।
২০১৫ সালের ১৮ ডিসেম্বর নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটির ভেতরে দুটি মসজিদে জুমার নামাজের সময় ১০ মিনিটের ব্যবধানে বোমার বিস্ফোরণের ঘটনা ঘটে। দুটি হামলায় সামরিক-বেসামরিক লোকসহ ২৪ ব্যক্তি আহত হন। বোমা হামলার নয় মাস পর গত বছরের ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের ইপিজেড থানায় নেভাল প্রভোস্ট মার্শাল কমান্ডার এম আবু সাঈদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা করেন।
মামলায় নৌবাহিনীর সাবেক সদস্য এম সাখাওয়াত হোসেন, ঈশা খাঁ ঘাঁটির সাবেক বলকিপার আবদুল মান্নান, রমজান আলী ও বাবলু ওরফে রনিকে আসামি করা হয়। অজ্ঞাতপরিচয় আসামি করা হয় আরও অনেককে। আসামিদের মধ্যে আবদুল মান্নান ও রমজান আলী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। বাকি দুজন পলাতক। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার আবদুল গাফফারকে এই মামলায় গ্রেপ্তার দেখান আদালত। এর আগে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে ছিলেন।
গাফফার ২০১৫ সালের ৫ অক্টোবর ঢাকার মধ্য বাড্ডার নিজ বাসায় খুন হওয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান মুহাম্মদ খিজির খান এবং ২০১৩ সালের ২১ ডিসেম্বর গোপীবাগের ছয় খুনের ঘটনায় জড়িত বলে পুলিশ জানায়। তাঁকে ২০১৫ সালের ৩ ডিসেম্বর যাত্রাবাড়ী থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে ঢাকার বাড্ডা, শেরেবাংলা নগর ও ওয়ারী থানায় তিনটি মামলা রয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, আসামি আবদুল গাফফারকে জিজ্ঞাসাবাদ করতে মামলার তদন্ত কর্মকর্তা ইপিজেড থানার পরিদর্শক জাবেদ মাহমুদ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।