জঙ্গি গ্রেপ্তারে একমত ১৪ দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে তিন দিনব্যাপী পুলিশপ্রধানদের আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে গতকাল একসঙ্গে ছবি তোলেন অংশগ্রহণকারীরা l প্রথম আলো
রাজধানীতে তিন দিনব্যাপী পুলিশপ্রধানদের আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে গতকাল একসঙ্গে ছবি তোলেন অংশগ্রহণকারীরা l প্রথম আলো

 ১৭ দফা যৌথ ঘোষণা  আইসিটি নেটওয়ার্কে যুক্ত থাকবে ১৪ দেশ
পুলিশপ্রধানদের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়া ১৪টি দেশ একে অপরের সঙ্গে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) নেটওয়ার্কে যুক্ত থাকবে। এতে করে এক দেশের জঙ্গি অন্য দেশে পালিয়ে থাকলে তাঁকে গ্রেপ্তার ও হস্তান্তরের সুযোগ তৈরি হবে। গতকাল মঙ্গলবার ঢাকায় ‘চিফস অব পুলিশ’ সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো ১৭টি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে একমত হয়েছে।
প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, ইন্টারপোলের সদস্যদেশগুলো ওয়ান টু ওয়ান কমিউনিকেশনের ব্যাপারে একমত হয়েছে। দেশগুলো শুধু জঙ্গিদের ব্যাপারে তথ্য বিনিময়ে সীমাবদ্ধ থাকবে না। এক দেশের জঙ্গি অন্য দেশে পালিয়ে থাকলে তাঁকে গ্রেপ্তার ও হস্তান্তরের উদ্যোগ নেবে।
আইজিপি আরও বলেন, অপরাধের ধরন চিহ্নিত করা থেকে শুরু করে মানি লন্ডারিং, সাইবার ক্রাইম এবং অর্থনৈতিক অপরাধ দমনে এক দেশ অন্য দেশকে সহযোগিতা করবে বলে সিদ্ধান্ত হয়। এ ছাড়া তথ্যপ্রযুক্তি নেটওয়ার্ক স্থাপন, ফরেনসিক ল্যাবরেটরি এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে সবাই একমত হন।
তিন দিনব্যাপী ওই সম্মেলনে অংশ নেয় আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনাই, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের পুলিশপ্রধান ও পুলিশপ্রধানদের মনোনীত প্রতিনিধিরা। এ ছাড়া, ইন্টারপোল, ফেসবুক, যুক্তরাষ্ট্রের আইজিসিআই, এফবিআই, আসিয়ানপোলও সম্মেলনে অংশ নেয়। সম্মেলনের শেষ দিনে শ্রীলঙ্কার পুলিশপ্রধান পুজিথ সেনাধি বানদারা জয়াসুরিয়া, এফবিআইয়ের স্পেশাল এজেন্ট ফায়রা জিমেনেজ বক্তব্য রাখেন।
পুলিশের সহকারী মহাপরিদর্শক মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবরেটরি বিশ্বমানের। এর বাইরে ভারতের গাজিয়াবাদের ফরেনসিক ল্যাবরেটরির সঙ্গে বাংলাদেশ পুলিশের যোগাযোগ আছে। ফরেনসিক ল্যাবরেটরিগুলোর মধ্যে আরও বড় পরিসরে যোগাযোগের সুযোগ এ সম্মেলনের মাধ্যমে তৈরি হয়েছে। এতে করে সহজেই সবাই একে অপরের সহযোগিতা পাবে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি শহীদুল হক বলেন, সম্মেলনের বাইরে বাংলাদেশ পুলিশ বেশ কয়েকটি দেশ ও প্রতিষ্ঠানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছে। এই দেশগুলোর মধ্যে ভিয়েতনাম, মিয়ানমার, দক্ষিণ কোরিয়া ও চীন অন্যতম। এর আগে কখনো মিয়ানমার বাংলাদেশের ডাকে সাড়া দেয়নি। এবার মাদক প্রতিরোধে দেশটি বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে এবং সমঝোতা স্মারক স্বাক্ষর করতে চেয়েছে।
দক্ষিণ কোরিয়া সাইবার অপরাধ দমনে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। পুলিশ বলেছে, এ মুহূর্তে সাইবার অপরাধ শনাক্ত করায় দক্ষিণ কোরিয়া বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে। বিশেষ করে অর্থ পাচারের মতো ঘটনা শনাক্তে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমঝোতায় পৌঁছেছে পুলিশ। চীনের কাছ থেকে প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতা আগে থেকেই ছিল, সেটি আরও বড় পরিসরে করার ব্যাপারেও চীন একমত হয়েছে।
সম্মেলনের শেষ দিনেও আইএস প্রসঙ্গ: তিন দিনব্যাপী সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, আইএস বা অন্য কোনো জঙ্গিগোষ্ঠীর উপস্থিতি বাংলাদেশে নেই। জঙ্গিরা দেশীয়।
এর আগে সম্মেলনের প্রথম দিনে আইসিপিভিটিআরের পরিচালক রোহান গুণারত্নে দাবি করেন, গত বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজানে আইএস হামলা চালায়। কিন্তু দেশের রাজনৈতিক নেতৃত্ব এ নিয়ে যে বক্তব্য দিয়েছে, তা সঠিক নয়।
তিন দিনব্যাপী সম্মেলনে মোট ১৪টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।