সারা দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গতকাল রোববার তিনটি স্থানে মানববন্ধন হয়েছে। নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধনে বক্তারা জঙ্গিদের গ্রেপ্তারে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

দিনাজপুর: বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তায় বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন দিনাজপুর সদর উপজেলা শাখা মানববন্ধন করে। এতে সংগঠনের জেলা সভাপতি আবদুর রাজ্জাক মিয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ বক্তব্য দেন। সকাল সাড়ে ১০টার দিকে শহরের গণেশতলা এলাকায় দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের রাস্তায় মানববন্ধন হয়। এতে স্কুলটির প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির বালিকা উচ্চবিদ্যালয় ইউনিটের সভাপতি শ্রী চন্দ্র শেখর ভট্টাচার্যের নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেয়। জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে সকাল ১০টায় শহরের মুন্সিপাড়া এলাকার রাস্তায় মানববন্ধন হয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য দেন জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুন বেগম, সংস্থার জেলা কর্মকর্তা আবদুল হামিদ প্রমুখ।
পঞ্চগড়: সকালে শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা এর আয়োজন করে। মানববন্ধনে পঞ্চগড় বালিকা উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণ অংশ নেয়। কর্মসূচিতে জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত, জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান রেজিয়া ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
সৈয়দপুর (নীলফামারী): সুন্নিপন্থী আহলে সুন্নাত ওয়াল জামায়াত সৈয়দপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। সংগঠনটির সৈয়দপুর শাখা এর আয়োজন করে। বেলা ১১টা থেকে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন চলে। এ সময় সমাবেশ হয়। সমাবেশে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি গোলাম জিলানী কাদেরী তেগী সভাপতিত্ব করেন। বক্তারা বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস ইসলাম লালন করে না। ইসলামের কথা বলে যারা জঙ্গিবাদী তৎপরতায় লিপ্ত, তারা সারা বিশ্বে মুসলমানদের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।