জঙ্গি গ্রেপ্তারে চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে জঙ্গিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু করেছে নগর ও জেলা পুলিশ।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জঙ্গিদের গ্রেপ্তারে এই অভিযান চালানো হচ্ছে বলে জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা। তিনি বলেন, তালিকাভুক্ত জঙ্গি ছাড়াও জঙ্গি তৎপরতায় জড়িত ব্যক্তিদের ধরার চেষ্টা চলছে।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার প্রথম আলোকে বলেন, নিয়মিত অভিযানের পাশাপাশি জঙ্গিদের গ্রেপ্তারে দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযান শুরু হয়েছে। এ অভিযান ১৮ মার্চ পর্যন্ত চলবে।
অভিযানের নির্দেশ পাওয়ার পর থেকে পুলিশ সতর্ক রয়েছে বলে জানান নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন। তিনি বলেন, নগরের বিভিন্ন স্থানে তল্লাশিচৌকি বসানো হয়েছে।
এদিকে গতকাল রাত আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশেষ অভিযানে কাউকে আটক করা যায়নি।