জঙ্গি ছিনতাইকারীরা চিহ্নিত হয়েছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, তিন জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। আজ সোমবার সচিবালয়ে তিনি এ কথা জানান। তবে কারা জড়িত সে সম্পর্কে মুখ খোলেননি তিনি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তিন জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় যারা জড়িত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিভাগীয় কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ওই ঘটনার তদন্ত প্রতিবেদন হাতে এসেছে। এখন প্রতিবেদনে কী কী সুপারিশ করা হয়েছে, তা দেখা হচ্ছে। প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় কারা জড়িত, প্রতিবেদনের উল্লেখ আছে। এর মধ্যে যুক্তিসংগত যেগুলো, সেগুলো আমলে নেওয়া হবে। জঙ্গিদের ব্যাপারে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তিনি আশা প্রকাশ করে বলেন, পালিয়ে যাওয়া তিনজনের মধ্যে একজনকে ধরা হয়েছে। বাকি দুজনকে ধরার চেষ্টা চলছে। ভারতে যেন পালিয়ে যেতে না পারে, সে জন্য বিশেষ সতর্কতা জারি আছে। গতকাল রোববার জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদনে পুলিশ ও কারা কর্তৃপক্ষের গাফিলতির কথা বলা হয়েছে বলে জানা গেছে।