কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বিদেশি শক্তি জঙ্গিবিরোধী কথা বললেও তারা নিজেরা জঙ্গি লালন করে এবং এ দেশে জঙ্গিদের সঙ্গে সখ্য গড়ে তোলে।
গতকাল মঙ্গলবার সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। পরে অনির্ধারিত এক আলোচনায় সরকারি ও বিরোধী দলের আরও কয়েকজন বক্তৃতা করেন। আলোচনায় বক্তারা ময়মনসিংহের ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি জড়িত থাকার কথা অভিযোগ করে তদন্ত দাবি করেন। প্রয়োজনে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তারেরও দাবি জানান তাঁরা।
মতিয়া চৌধুরী আরও বলেন, ‘আমাদের কিছু দূতাবাস মাদ্রাসায় গিয়ে জঙ্গি শক্তির সঙ্গে বৈঠক করছে। তখন স্পষ্টতই বোঝা যায়, বিদেশি শক্তি নিজেরাই জঙ্গিদের লালন করে। জঙ্গিদের সঙ্গে তাদের সখ্যের অভাব দেখি না।’
একই আলোচনায় আওয়ামী লীগের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম হেফাজতের সঙ্গে কূটনীতিকদের বৈঠকের কথা উল্লেখ করে বলেন, তাদের সঙ্গে কিসের আলোচনা? যারা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদের সঙ্গে তাঁরা বৈঠক করছেন। এটা কিসের আলামত।
আল-কায়েদা নেতা আইমান আল জাওয়াহিরি বাংলাদেশে প্রবেশ নিয়ে মতিয়া চৗধুরীর বক্তব্য সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের তীব্র সমালোচনা করেন তিনি। মতিয়া বলেন, টাইম ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী ২০০১ সালের ২১ ডিসেম্বর আল-কায়েদা ও তালেবান জঙ্গি বাংলাদেশে প্রবেশ করে। ভারতের পুলিশের হাতে ধরা পড়া এক জঙ্গি স্বীকার করেন, ১০০ আফগান তালেবান ও আল-কায়েদা চট্টগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
ফখরুলকে উদ্দেশ্য করে মতিয়া বলেন, ‘আপনাকে সজ্জন হিসেবেই জানি। শিক্ষকতায় ছিলেন। লেখাপড়া করেন বলেই জানি। তবে সম্প্রতি আপনার বক্তব্য-বিবৃতি শুনে টাইম ম্যাগাজিনের মতো কোনো ম্যাগাজিন পড়েন বলে মনে হয় না। বিজ্ঞজন হিসেবে পড়াশোনার যে চেষ্টা ছিল তা বজায় রাখবেন এবং জেনেশুনে কথা বলবেন।’
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, খালেদা জিয়া বাংলাদেশকে যে জঙ্গি দেশে রূপান্তরিত করতে চেয়েছিলেন তার অনেক প্রমাণ আছে। শিবির বিশ্বের তৃতীয় শীর্ষ সন্ত্রাসী সংগঠন। এই শিবিরের সঙ্গে বিএনপি আছে।