জঙ্গি জাকারিয়ার শ্বশুর কালিয়াকৈরে গ্রেপ্তার
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য এবং ত্রিশালে তিন জঙ্গি আসামি ছিনতাইয়ের ঘটনায় আটক গাড়িচালক জাকারিয়ার শ্বশুর সাব্বির আহাম্মেদ ওরফে নয়ন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত রোববার রাতে জাকারিয়ার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল থেকে চন্দ্রা ত্রিমোড় এলাকায় তল্লাশি চৌকি বসায় পুলিশ। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। ওই বাস থেকে সাব্বির আহাম্মেদ ওরফে নয়ন সরকারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর সঙ্গে ছিল তাঁর সাত বছরের ছেলে শামীম হোসেন। পুলিশ তাঁর কাছ থেকে কাপড়ের একটি ব্যাগ উদ্ধার করে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জঙ্গিদের গাড়িচালক জাকারিয়া তাঁর মেয়েজামাই বলে স্বীকার করেছেন সাব্বির।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য সাব্বিরকে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়েছে।
গত রোববার সকালে ময়মনসিংহের ত্রিশালে প্রকাশ্যে প্রিজন ভ্যানে গুলি চালিয়ে ও বোমা মেরে জঙ্গি মামলার তিন আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। এ সময় গুলিতে পুলিশের এক সদস্য নিহত হন। এক উপপরিদর্শকসহ (এসআই) আহত হন প্রিজনভ্যানে থাকা পুলিশের তিনজন সদস্য। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই দিনই জাকারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। জাকারিয়া জেএমবি সদস্যদের বহনকারী গাড়ির চালক ছিলেন।