চট্টগ্রামে বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই জঙ্গিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে জেএমবির আঞ্চলিক কমান্ডার জাবেদ ইকবাল ওরফে মুহাম্মদকে তিন বছর এবং রফিকুল ইসলাম ওরফে জাভেদকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শফিকুল করিম এ রায় দেন। এই দুই আসামিকেই গতকাল কারাগার থেকে আদালতে হাজির করা হয়। জানা গেছে, ২০০৫ সালের ৫ ডিসেম্বর নগরের পাহাড়তলী থানার আবদুল লতিফ সড়কে জাবেদের ভাড়া বাসা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়। পুলিশ তদন্ত শেষে ২০০৬ সালের ৯ মার্চ আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করে। ২০০৭ সালের ২৮ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অন্য মামলায় এর আগেই মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় এই মামলার অপর তিন আসামি জেএমবির প্রধান শায়খ আবদুর রহমান, দ্বিতীয় শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই এবং আতাউর রহমান সানিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। মামলার ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক গতকাল দুই আসামির বিরুদ্ধে উপরোক্ত রায় দেন। রায় ঘোষণা শেষে দুই আসামিকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। এর আগে বিভিন্ন মামলায় জাবেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে।মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আইয়ুব বলেন, রায় ঘোষণার আগে জেএমবির কমান্ডার জাবেদ ইকবাল প্রথমবারের মতো নিজের অতীত কৃতকর্মের জন্য আদালতের কাছে অনুশোচনা প্রকাশ করেন। তবে দণ্ডিত অপর আসামি রফিকুল নিজ কাজের জন্য অনুশোচনা প্রকাশ করেননি।