জঙ্গিদের ঠেকাতে প্রতিটি ওয়ার্ডে ৩০ সদস্যের কমিটি গঠন করার তাগিদ দিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। ওয়ার্ড কাউন্সিলর, আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাদের সমন্বয়ে এই কমিটি গঠন করার কথা বলেছেন তিনি। গতকাল রোববার বিকেলে স্বাধীনতা দিবসে নগর আওয়ামী লীগের আলোচনা সভায় এ কথা বলেন তিনি। নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
মহিউদ্দিন চৌধুরী বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ শক্তি দিয়ে জঙ্গি ঠেকানোর চেষ্টা করছেন। কিন্তু নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। জঙ্গিবিরোধী কমিটি নিজ নিজ ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে যাবে। সন্দেহজনক ব্যক্তির সন্ধান পাওয়া গেলে কমিটি পুলিশকে খবর দেবে।
আলোচনা সভায় চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিয়েছেন। তাঁর নেতৃত্বে চট্টগ্রামসহ সারা দেশে উন্নয়ন হচ্ছে। চট্টগ্রামকে গ্রিন ও ক্লিন সিটিতে পরিণত করতে কাজ চলছে। বর্ষাকালে জলাবদ্ধতা বড় সমস্যা। এই সমস্যা ধীরে ধীরে কমিয়ে আনা হচ্ছে।
সভায় বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন, যুগ্ম সম্পাদক বদিউল আলম। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন নগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ
স্বাধীনতা দিবসে সংগঠনের আন্দরকিল্লার কার্যালয়ে গতকাল সকাল সাড়ে ১০টায় আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলার সভাপতি মোছলেম উদ্দিন আহমদ। বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ প্রমুখ।
সভায় মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন বঙ্গবন্ধু। তাঁর নেতৃত্বে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ।
মফিজুর রহমান বলেছেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কে। কিন্তু দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে জঙ্গিরা আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। একাত্তরের মতো আবার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদ রুখে দিতে হবে।