জঙ্গি তৎপরতার বিরুদ্ধে চাই ঐক্যবদ্ধ প্রতিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে বর্বরোচিত হামলা ও প্রাণহানির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।
গতকাল শনিবার দল ও সংগঠনগুলোর পক্ষে পৃথক বিবৃতি ও কর্মসূচি থেকে এ ধরনের জঙ্গি তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানানো হয়।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এক যৌথ বিবৃতিতে এই হামলাকে অভিহিত করেন বর্বর মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে। তাঁরা বলেন, এই হামলা বিশ্বশান্তি ও গণতন্ত্রের ওপর হামলা। বাংলাদেশে গণতন্ত্র, উন্নয়ন ও শান্তির ধারাকে ধ্বংস করে ভীতি ও আতঙ্কের মধ্যযুগীয় বর্বরতা কায়েমই জঙ্গিবাদী গোষ্ঠীর মূল উদ্দেশ্য।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভায় এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নেতারা জঙ্গিবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
পৃথক এক বিবৃতিতে একই আহ্বান জানান গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে বলেন, জঙ্গিগোষ্ঠী এই আক্রমণের মধ্য দিয়ে প্রমাণ করেছে যে তারা মৌলবাদী, সাম্প্রদায়িক ও সশস্ত্র রাজনীতির মধ্য দিয়ে সরকার এবং দেশের অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক পরিবেশকে অস্থিতিশীল করতে চায়।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে বলেন, দেশে বিদ্যমান বৈরিতা ও বিভাজন টিকিয়ে রেখে এই সন্ত্রাসী তৎপরতাকে কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব নয়।
এদিকে সারা দেশে একের পর এক হত্যা ও গতকালের জঙ্গি হামলার বিরুদ্ধে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে খুন-ধর্ষণ-জঙ্গিবাদবিরোধী গণ-আন্দোলন। সমাবেশ থেকে বক্তারা বলেন, দেশব্যাপী আজকের এই নিরাপত্তাহীনতা ও ভীতিকর পরিস্থিতির জন্য দায়ী সরকার। কারণ এর আগে যখনই এ ধরনের ঘটনা ঘটেছে তখনই সরকার এর মূলোৎপাটন না করে নির্লিপ্ত থেকেছে, অদূরদর্শী ও দায়সারা বক্তব্য দিয়েছে।
এ ছাড়া গতকালের হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ, বাংলাদেশ সাম্যবাদী দল, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ, জাতীয় যুব জোট ও জাতীয় নারী জোট। বিজ্ঞপ্তি।