জঙ্গি তৎপরতায় জড়িত অভিযোগে গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর উত্তরা থেকে গত শনিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল রোববার তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে।
ডিবি বলেছে, এই তিনজন নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। তাঁদের কাছ থেকে মোবাইল ফোনের একটি জ্যামার ও উগ্রবাদী মতামত-সংক্রান্ত বিপুল পরিমাণ বই উদ্ধার করা হয়। গত ২৩ অক্টোবর গভীর রাতে পুরান ঢাকায় হোসেনি দালানে হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সঙ্গে এই তিনজনের সম্পর্ক রয়েছে, তবে এঁরা হামলায় জড়িত নন।
ডিবি বলেছে, গ্রেপ্তার তিনজন হলেন জেএমবির কারিগরি সহায়ক এ এইচ এম খায়রুল আসাদ ওরফে সোহাগ, সাবেক শুরা সদস্য মীর মোয়াজ্জেম হোসেন সাইফী ওরফে জার্মিন ও মো. কফিলউদ্দিন বিন আমিন। খায়রুলের বাড়ি নোয়াখালীর সেনবাগ থানার বীরকোট গ্রামে। সাইফীর বাড়ি গাজীপুরের জয়দেবপুর থানার বাসনভিটিতে, কফিলের বাড়ি টঙ্গীর দত্তপাড়ায়।
গতকাল দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম বলেন, পবিত্র আশুরার আগের রাতে হোসেনি দালানে ‘বোমা’ হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এ তিনজনের কথা জানা যায়। এর ভিত্তিতে শনিবার রাতে উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছে তাঁরা যাঁদের লক্ষ্যবস্তু করেছেন তাঁদের নাম এবং জঙ্গিদের প্রশিক্ষণ নীতিমালা পাওয়া গেছে।
মনিরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে খায়রুল বলেন, তিনি একটি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের তড়িৎ প্রকৌশলী ও জেএমবির কারিগরি সহায়ক। সাইফী ও কফিল জেএমবির কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। তাঁরা জেএমবির কারাবন্দী আমির সাইদুর রহমানকে নেতা হিসেবে মানতেন। তবে কয়েক মাস ধরে জামাই ফারুকসহ কয়েকজন এর নেতৃত্বে থাকায় তাঁরা সরে গিয়ে গাবতলীর দীপনগরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত শাহাদত ওরফে মাহফুজ ওরফে হুজ্জাসহ কয়েকজনের নেতৃত্বে গঠিত জেএমবির একাংশে যোগ দেন। হোসেনি দালানে হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সঙ্গে এঁদের সম্পর্ক রয়েছে, তবে হামলায় তাঁরা জড়িত নন।
ডিবির যুগ্ম কমিশনার মনিরুল বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে টের না পায়, সে জন্য সাইফী ও কফিল জ্যামার বসিয়ে মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ করে জঙ্গিসভা করতেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পূর্ব থানায় মামলা হয়েছে।
এঁদের লক্ষ্যবস্তু কারা, জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, তাঁদের লক্ষ্য ছিল পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। সরকারের পক্ষে কাজ করায় জেএমবি তাঁদের শত্রু মনে করে। এ ছাড়া আরও আছেন পীর ও ফকির। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগে খায়রুলের বাসা থেকে একাধিকবার জঙ্গি গ্রেপ্তার করা হয়েছে। খায়রুলের জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃক্ততা যাচাই-বাছাই করতে দেরি হওয়ায় এত দিনে তাঁকে গ্রেপ্তার করা হয়।