বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, জঙ্গিবাদ নির্মূল করার প্রশ্নে কোনো সহানুভূতির জায়গা নেই। বর্তমান সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে যে ‘জিরো টলারেন্স’নীতি নিয়েছেন, সেটাকে সবার অনুসরণ করতে হবে।
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন আয়োজিত ‘জঙ্গিবাদ-সাম্রাজ্যবাদ প্রতিরোধে শ্রমিক শ্রেণির কর্তব্য’ শীর্ষক শ্রমিক কনভেনশনে রাশেদ খান মেনন এসব কথা বলেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সাম্প্রতিক সফর নিয়ে মেনন বলেন, ‘জন কেরি ঢাকায় এসে যে কথাটি বলার চেষ্টা করেছেন তা হলো, বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে আইএসের যোগসূত্র রয়েছে। আমরাও এটা কখনো অস্বীকার করিনি। আমরা বলে এসেছি, এই জঙ্গিদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে। বিশেষ করে পাকিস্তানের আইএসআই এবং অন্যান্য জঙ্গি সংগঠনের সঙ্গে। কিন্তু তার অর্থ এই নয় যে এই জঙ্গি দমনের নামে আজকে মার্কিনিদের পা ফেলার জায়গা করে দিতে হবে।’
শ্রমিক কনভেনশনে আরও বক্তব্য দেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাংসদ হাজেরা খাতুন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম খান, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, বাসদের রাজেকুজ্জামান প্রমুখ। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি হামিদুর রহমান ভূঁইয়া।