সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ-ভারত একে অপরের ঘনিষ্ঠ মিত্র হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক শেষে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারত একাত্তরের যুদ্ধ থেকে পুরোনো বন্ধু। মাঝখানে অনেক চড়াই-উতরাই গিয়েছে। এখন শেখ হাসিনার নেতৃত্বে সাত বছর ধরে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব আরও গভীর ও সম্প্রসারিত হয়েছে। তিনি বলেন, ‘আশা করছি ভারত ও বাংলাদেশ আরও গভীর সহযোগিতার মধ্য দিয়ে এই উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠা করবে। আমরা মনে করি, সন্ত্রাসবাদ শুধু বাংলাদেশের সমস্যা নয়। এটা উপমহাদেশের সমস্যা, দক্ষিণ এশিয়ার সমস্যা।’
রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি। আগামী দিনের উন্নয়নের রূপরেখা ও এর প্রতিবন্ধকতা, সন্ত্রাসী অপতৎপরতা মোকাবিলা এবং এ বিষয়গুলোতে দুই দেশের সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।’