জঙ্গি দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত : তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু । ফাইল ছবি
হাসানুল হক ইনু । ফাইল ছবি

জঙ্গি-সন্ত্রাস দমনে বাংলাদেশ-ভারত একে অপরের ঘনিষ্ঠ মিত্র হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ বুধবার দুপুরে তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক বন্ধুত্বের কথা স্মরণ করে সাংবাদিকদের একই কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও ভারত একাত্তরের যুদ্ধ থেকে পুরোনো বন্ধু। মাঝখানে অনেক চড়াই-উতরাই গেছে। এখন শেষ দিকে শেখ হাসিনার নেতৃত্বে সাত বছর ধরে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব আরও গভীর ও সম্প্রসারিত হয়েছে।’
সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য দিল্লি ও ঢাকার ঘনিষ্ঠ সহযোগিতা দরকার জানিয়ে জাসদ সভাপতি ইনু বলেন, ‘সে ক্ষেত্রে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সন্ত্রাসবাদ দমনে আমরা একসঙ্গে কাজ করব। এ ছাড়া উন্নয়ন, গণতন্ত্র এবং গণমাধ্যমের প্রসারে আমরা পরস্পর পরস্পরের অভিজ্ঞতা বিনিময় করব। সবাই সবাইকে সহযোগিতার মধ্য দিয়ে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শান্তির উপমহাদেশ গড়ার জন্য একসঙ্গে কাজ করব।’
হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি। আগামী দিনের উন্নয়নের রূপরেখা ও এর প্রতিবন্ধকতা, সন্ত্রাসী অপতৎপরতা মোকাবিলা এবং এ বিষয়গুলোতে দুই দেশের সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।’

সন্ত্রাস দমনে বাংলাদেশ ভারতের কাছে কোনো ধরনের সহযোগিতা চেয়েছে বা চাইবে কি না—এমন প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, ‘বন্ধুরাষ্ট্র ভারতের সঙ্গে আমাদের বহু রকমের চুক্তি আছে। মনে রাখবেন, তথ্যের আদান-প্রদানটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’ তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ-ভারত একে অপরের ঘনিষ্ঠ মিত্র হিসেবে কাজ করব।’

বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ভারতের কোনো বিশেষ পর্যবেক্ষণ আছে কি না, জানতে চাইলে ইনু বলেন, ‘সন্ত্রাসবাদ বিশ্বের সমস্যা, দক্ষিণ এশিয়ার সমস্যা, বাংলাদেশের সমস্যা, ভারতের সমস্যা। এ সমস্যা আমরা যৌথভাবে মোকাবিলা করব। ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধী হস্তান্তর প্রক্রিয়া সহজ হয়েছে। এ জন্য সাম্প্রতিককালে মন্ত্রিসভা বৈঠকে চুক্তি অনুমোদন দেওয়া হয়েছে।’

তথ্যমন্ত্রীর দপ্তর ও ভারতীয় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।