সন্ত্রাস ও জঙ্গি হামলাকে ‘অভিন্ন ঝুঁকি’ হিসেবে চিহ্নিত করে আইএস বা আইএসআইএল ও আল-কায়েদার মতো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোকে দমনের জন্য একসঙ্গে কাজ করতে রাজি হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। গত মাসে ওয়াশিংটনে অনুষ্ঠিত পঞ্চম অংশীদারত্ব সংলাপে দুই দেশ এ সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ দমনের অংশীদারত্ব তহবিলে (সিপিটিএফ) বাংলাদেশের অংশ নেওয়ার কথাও দুই দেশ ঘোষণা করেছে।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পঞ্চম অংশীদারত্ব সংলাপের যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সিপিটিএফে অংশগ্রহণের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদার হবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস গতকাল শনিবার পঞ্চম অংশীদারত্ব সংলাপের যৌথ বিবৃতি প্রচার করেছে। বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস শ্যানন গত ২৩ ও ২৪ জুন অনুষ্ঠিত বৈঠকে নিজেদের দেশের নেতৃত্ব দেন।
এদিকে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ১ জুলাইয়ের জঙ্গি হামলা-পরবর্তী পরিস্থিতিতে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনার জন্য আজ রোববার ঢাকায় আসছেন মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। গত মে মাসের পর এটি তাঁর দ্বিতীয় ঢাকা সফর। ওই সময় রাজধানীর কলাবাগানের বাসায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থার (ইউএসএআইডি) কর্মকর্তা জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু মাহবুব তনয় হত্যা-পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তিনি ঢাকা সফর করেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরের প্রথম দিনে তিনি আজ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আলোচনা করবেন। তিনি আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তাঁর সচিবালয়ের দপ্তরে আলোচনা করবেন। বাংলাদেশ সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী ও কর্মকর্তাদের পাশাপাশি নাগরিক সমাজ এবং সমাজের বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে নিশা দেশাইয়ের আলাদাভাবে মতবিনিময়ের কথা রয়েছে।
গুলশানের রেস্তোরাঁয় জঙ্গি হামলার প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন। ৩ জুলাই সন্ধ্যায় জন কেরি ফোনে বলেন, সন্ত্রাস নির্মূলে বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। বাংলাদেশে সন্ত্রাসী হামলার নিন্দা ও সহানুভূতি জানান প্রেসিডেন্ট ওবামা।
অংশীদারত্ব সংলাপ: ওয়াশিংটনে গত ২৩ ও ২৪ জুন অনুষ্ঠিত সংলাপে নিরাপত্তা সহযোগিতা, উন্নয়ন এবং বাণিজ্য ও বিনিয়োগ—এই তিনটি আলাদা ভাগে দুই দেশের প্রতিনিধিরা কথা বলেন। এ সময় দুই দেশ তাদের আগের সিদ্ধান্তগুলো পর্যালোচনার পাশাপাশি দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে।
নিরাপত্তা সহযোগিতা জোরদার প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র স্বীকার করেছে যে সন্ত্রাসবাদের ক্ষেত্রে দায়েশ (আইএসআইএল) ও আল-কায়েদার মতো আন্তর্জাতিক সংগঠনগুলো বৈশ্বিক হুমকি তৈরি করায় তারা একই রকম ঝুঁকির মুখোমুখি হচ্ছে। তাই তাদের যৌথভাবে মোকাবিলা করা দরকার। আমাদের সহযোগিতা বাড়ানোর পদক্ষেপ হিসেবে আমরা যুক্তরাষ্ট্রের সিপিটিএফে বাংলাদেশের অংশগ্রহণের কথা ঘোষণা করছি। এটি সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে সহায়ক হবে এবং এই সহযোগিতা এগিয়ে নেওয়ার কর্মসূচিতে সহায়তা করবে। সিপিটিএফের সমর্থিত কর্মসূচিগুলো উগ্রবাদী ও সন্ত্রাসী হুমকি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার করবে এবং সন্ত্রাসের মূলোৎপাটনে বেসামরিক লোকজনের নেতৃত্বাধীন উদ্যোগে দুই দেশের অংশীদারত্ব নিবিড় করবে।
বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা সহযোগিতা বাড়াতে কমিউনিটি পুলিশের সামর্থ্য বাড়ানো, সন্ত্রাসবিরোধী বার্তার জবাব দিতে প্রশিক্ষণসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। তা ছাড়া জঙ্গিদের বিচারের আওতায় আনা, তাদের প্রতিহত করা এবং আন্তসীমান্ত অপরাধ দমনে সরকারি আইনজীবীদের বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এতে বলা হয়, দুই দেশের কর্মকর্তারা গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার বিকাশে নাগরিক সমাজকে উদ্বুদ্ধ করার উপায় নিয়ে কথা বলেছেন।
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশ ও শ্রমিক স্বার্থ সুরক্ষায় অগ্রগতির প্রশংসা করে এ ব্যাপারে একসঙ্গে কাজ করতে আবারও অঙ্গীকার করেছে দুটি দেশ।
যুক্তরাষ্ট্রের বাজারে সব স্বল্পোন্নত দেশের শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাওয়ার ব্যাপারে বাংলাদেশের আগ্রহের বিষয়টি ওয়াশিংটন লক্ষ করেছে। বাংলাদেশের সাফল্যের ধারাবাহিক অংশীদার হয়ে আছে যুক্তরাষ্ট্র এবং ভবিষ্যতেও এই ভূমিকায় থাকার আগ্রহ দেখিয়েছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।
বিবৃতিতে বলা হয়, সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে দুই পক্ষ রাজনৈতিক পর্যায়ে যুক্ত হওয়ার ওপর গুরুত্ব দিয়েছে।