সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১ আয়োজিত এক সংলাপে সরকারের মন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ের বক্তারা বলেছেন, জঙ্গিবাদ দমনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আর এই ঐক্যের ভিত্তি হতে হবে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা। জামায়াতে ইসলামীকে এ দেশে জঙ্গিবাদের ভিত্তি উল্লেখ করে তাঁরা বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জামায়াত ছেড়ে আসলে আপত্তি নেই। তবে বক্তাদের কেউ কেউ যাঁর যাঁর অবস্থান থেকে সবাইকে রাস্তায় নামার পরামর্শ দেন।
গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘জঙ্গিবাদী অপশক্তির উদ্বেগ ও মুক্তিযুদ্ধের বাংলাদেশ’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদ দমনে খালেদা জিয়া জামায়াত, যুদ্ধাপরাধীদের পরিহার না করে ক্রমাগতভাবে ফেল করেছেন। তিনি যদি জামায়াত ও জঙ্গিদের সঙ্গে সম্পর্ক না করতেন, তাহলে অনেক আগেই দেশ থেকে জঙ্গি দূর হয়ে যেত।
মন্ত্রী আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সরকার লড়াই চালিয়ে যাচ্ছে, সর্বস্তরের জনগণ যেন এ লড়াইয়ে শরিক হন। তিনি বলেন, এই সরকার জঙ্গিবাদের সঙ্গে মৈত্রীর হাত প্রসারিত করবে না, বরং জঙ্গিদের ধ্বংস করে দেওয়া হবে। সেই সক্ষমতাও সরকারের আছে।
জঙ্গিবাদ দমনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ঐক্যের ভিত্তি হতে হবে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঐক্যের কথা বলেছেন। কিন্তু দুদিন আগেও তিনি জামায়াতকে সঙ্গে নিয়ে সভা করেছেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যদি জামায়াত ছেড়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নেতা মেনে আসেন, তাহলে কোনো আপত্তি নেই। কারণ, ঐক্য সুদৃঢ় করতে হলে একজন নেতা থাকতে হবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম জঙ্গিবাদ মোকাবিলায় যাঁর যাঁর অবস্থান থেকে একযোগে রাস্তায় নামার পরামর্শ দেন। তিনি অভিযোগ করেন, এ দেশে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার ভিত্তি হলো জামায়াত।
সাবেক সেনাপ্রধান হারুন অর রশীদ বলেন, এখন নিরাপত্তার নামে জনগণের ভোগান্তি হচ্ছে। তাঁর প্রশ্ন আজকে কি আইনের শাসন আছে? জঙ্গিবাদ মোকাবিলায় রাজনৈতিক আদর্শ নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।
সাবেক কূটনৈতিক মহিউদ্দীন আহমেদ আশঙ্কা প্রকাশ করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য দিতে আগ্রহ প্রকাশ করেছে। এখন গ্রহণ করলেও বিপদ, না করলেও বিপদ।
সেক্টর কমান্ডারস ফোরামের সহসভাপতি নুরুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, বাংলাদেশ মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুন হাবীব।