জঙ্গি দমনে কোনো ছাড় নয়: তথ্যমন্ত্রী

জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি দমন, নিজের শক্তিতে উন্নয়ন ও বৈষম্য দূর করে সুশাসন প্রতিষ্ঠা করতে মহাজোট সরকার যুদ্ধ চালিয়ে যাচ্ছে। জঙ্গি দমনে কোনো ছাড় দেবে না জাসদ। ঐক্য অটুট রেখে এসব যুদ্ধে জয়ী হতে হবে।
আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম মহানগর জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এ কথা বলেন। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর শাখা জাসদের সভাপতি আবু বক্কর সিদ্দিকী।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাসদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও সাংসদ মঈন উদ্দীন খান বাদল। এ ছাড়া বক্তৃতা করেন সাংসদ শিরীন আখতার, সাংসদ নাজমুল হক প্রধান প্রমুখ। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন।
হাসানুল হক ইনু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, ‘বাংলাদেশের বিপদ কাটেনি। কারণ খালেদা জিয়া দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন। খালেদা জিয়া, পাকিস্তান, বিএনপি ও রাজাকারদের বাদ দেওয়া না পর্যন্ত দেশে শান্তি আসবে না। তাই মানুষ পোড়ানোর আগুন নেত্রী খালেদা জিয়ার সঙ্গেও কোনো মিটমাট নেই।’
সম্মেলন শেষে সন্ধ্যায় শহীদ মিনার চত্বরে জাসদের মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা করেন সাংসদ মঈনউদ্দীন খান বাদল। এতে আবু বক্কর সিদ্দিকীকে সভাপতি এবং জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩১ জনের নাম ঘোষণা করা হয়। পরে আরও ১৪ জনের নাম অন্তর্ভুক্ত করা হবে বলে জানান, জাসদের কেন্দ্রীয় কমিটির সংখ্যালঘুবিষয়ক সম্পাদক ভানুরঞ্জন চক্রবর্তী।