জঙ্গি দমনে কোস্টগার্ডকেও ভূমিকা রাখার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি দমনে অন্যান্য বাহিনীর পাশাপাশি কোস্টগার্ডকেও ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কোস্টগার্ডকে তাদের কর্ম এলাকার মধ্যে জঙ্গিবাদের বিরুদ্ধে যথাযথ পদ‌ক্ষেপ নিতে হবে।

চট্টগ্রামের পতেঙ্গায় গতকাল দুপুরে বাংলাদেশ কোস্টগার্ডের সদ্য আমদানি করা জাহাজ সিজিএস সৈয়দ নজরুল ও সিজিএস তাজউদ্দীনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদের আশ্রয়-প্রশ্রয় ও মদদদাতাদের সরকার কোনো ছাড় দেবে না। কোস্টগার্ডের সদস্যদের দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগের আহ্বান জানিয়ে এই বাহিনীর আধুনিকায়ন ও সম্প্রসারণে তাঁর সরকারের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা চাই, আপনারা দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করবেন।...কোস্টগার্ডের সম্প্রসারণ ও আধুনিকায়নে আমার সরকার সকল সহযোগিতা অব্যাহত রাখবে।’

শেখ হাসিনা বলেন, ‘আমি ২০১৪ সালে ইতালি সফরের সময় বাংলাদেশ কোস্টগার্ডের জন্য দেশটির সরকারের সহযোগিতা চেয়েছিলাম। তারপর ‘জি টু জি’ চুক্তির মাধ্যমে ইতালিয়ান নৌবাহিনীর দেওয়া চারটি করভেট অফশোর পেট্রল ভেসেল বাংলাদেশ কোস্টগার্ডকে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।’ তিনি বলেন, ‘এই চারটি জাহাজের নাম জাতির পিতার বিশ্বস্ত রাজনৈতিক সহচর শহীদ চার জাতীয় নেতার নামে রেখে তাঁদের সম্মান জানিয়েছি। আজ সিজিএস সৈয়দ নজরুল ও সিজিএস তাজউদ্দীনকে কমিশন করা হলো।’ তিনি বলেন, এ বছরই ইতালি থেকে আসার পর অপর দুটি জাহাজ সিজিএস মনসুর আলী ও সিজিএস এ এইচ এম কামরুজ্জামানের কমিশন করা হবে।

প্রধানমন্ত্রী সিজিএস সৈয়দ নজরুল ও সিজিএস তাজউদ্দীনের দুই কমান্ডারের হাতে কমিশনিং ফরমান হস্তান্তর করে জাহাজ দুটি উদ্বোধন করেন। এর আগে কোস্টগার্ডের একটি সুসজ্জিত দল প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম জানায়। তিনি পরে জাহাজ দুটি ঘুরে দেখেন। তিনি তাঁর আহ্বানে সাড়া দিয়ে জাহাজ সরবরাহ করায় ইতালি সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। কোস্টগার্ডে জনবলের সীমাবদ্ধতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এই বাহিনীর কার্যপরিধি ও দায়িত্ব এলাকা বাড়ানোর সঙ্গে জনবল বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনায় আছে।

শেখ হাসিনা বলেন, ‘স্থলভাগে সম্পদের সীমাবদ্ধতার কারণে আমাদের দৃষ্টি এখন সমুদ্রের দিকে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সমুদ্রসীমা যথাযথভাবে নির্ধারিত হওয়ায় নিজ জলসীমায় আমাদের অধিকার আরও সুদৃঢ় হয়েছে।’