জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিক সমাজকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচার বানচাল করতে ও বাংলাদেশে জঙ্গিবাদ বিস্তারে জামায়াতে ইসলামী আন্তর্জাতিক তৎপরতা চালাচ্ছে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ‘যুদ্ধাপরাধীদের বিচার ও জঙ্গিবাদ দমন: সরকার ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সংগঠনটির নেতারা এসব কথা বলেন। রাজধানীর ধানমন্ডিতে ডব্লিউভিএ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর চূড়ান্ত রায়ে হতাশা প্রকাশ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, আমৃত্যু কারাদণ্ড অনেক বড় সাজা, কিন্তু সাঈদীর ক্ষেত্রে মানুষ এ সাজাকে খালাসের সমতুল্য বলে ধরে নিয়েছে। মানুষ বলাবলি করে, সাঈদীর মতো যুদ্ধাপরাধীর সাজা একমাত্র মৃত্যুদণ্ডই হতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, সুপ্রিম কোর্টের যে বিচারক সাঈদীর মতো যুদ্ধাপরাধীকে খালাস দেন, তিনি আর যা-ই হোক, যুদ্ধাপরাধীদের বিচারে বসতে পারেন না। তিনি রায় কমাতে পারেন, সাজা কম দিতে পারেন, কিন্তু খালাস কীভাবে দেন? সাঈদীকে খালাস দেওয়া মানে একাত্তরের গণহত্যাকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধকে অস্বীকার করা।
মুনতাসীর মামুন আরও বলেন, ‘সুপ্রিম কোর্টের আরেক বিচারক বলেছেন, শান্তি কমিটিতে তো আমিও ছিলাম, তাতে কী হয়েছে? এটা আমার কথা নয়, পত্রিকায় এসেছে। তিনিও যুদ্ধাপরাধের বিচারে কীভাবে থাকেন? বিচারক যেই হোন না কেন, তাঁকেও মুক্তিযুদ্ধের পক্ষের হতে হবে।’
আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, সাঈদীর মৃত্যুদণ্ডের সাজা কমানোর রায়ে সবাই হতাশ হয়েছে। এর পেছনে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের দুর্বলতা ছিল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের যেসব আইনজীবীকে সাঈদীর মামলা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল, তাঁদেরও দুর্বলতা ছিল। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ নিয়ে তাঁদের ঠিকমতো ধারণা আছে বলে মনে হয়নি। বিচারপতিরাও হয়তো এই আইনটি ঠিকভাবে উপলব্ধি করতে পারেননি। প্রথাগত ফৌজদারি মামলার মতো সাক্ষ্যপ্রমাণের ওপরেই তাঁরা বেশি গুরুত্ব দিয়েছেন।
পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে জামায়াতের সংযোগের খবরকে উদ্বেগজনক ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেন ইনস্টিটিউট অব কনফ্লিক্ট, ল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের নির্বাহী পরিচালক মো. আবদুর রশীদ।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত ও শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী। আলোচনা সঞ্চালনা করেন নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল।