জঙ্গি দমনে পুলিশকে কার্যকর ভূমিকা রাখতে বললেন আশরাফ
রাজারবাগ পুলিশ লাইনে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে গিয়ে জঙ্গি দমনে পুলিশকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, জঙ্গিদের বিষয়টি পৃথিবীর সব দেশে একই রকম। কিন্তু বিভিন্ন জায়গায় তাদের নাম ভিন্ন ভিন্ন। আইএস, তালেবান, আল-কায়েদা। বৈশিষ্ট্যের দিক থেকে সবই এক। এই জঙ্গিদের মোকাবিলা ও প্রতিহত করতে হবে।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের আয়োজনে গতকাল রোববার দুপুরে রাজারবাগের পুলিশ টেলিকম মিলনায়তনে এই শোকসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মোখলেসুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বঙ্গবন্ধু হলেন বাঙালি জাতির পিতা। বঙ্গবন্ধুকে হত্যার পর খুনিরা মনে করেছিল, বঙ্গবন্ধুর অস্তিত্ব শেষ। কিন্তু তা হয়নি। বঙ্গবন্ধুর আদর্শকে বর্তমান প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে হবে।
স্বাধীনতাযুদ্ধে পুলিশের অবদানের কথা উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, পুলিশই পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে প্রথম বুলেটটি ছুড়েছিল। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হলেন আমাদের গর্ব। বাংলাদেশ স্বাধীনতায় তাঁর অবদানই প্রধান। কিন্তু বর্তমানে স্বাধীনতাবিরোধীরা জঙ্গিদের মদদ দিচ্ছে।’
আইজিপি বলেন, শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে যারা বাধা প্রদান করবে, তাদের প্রতিহত করবে পুলিশ।
সভা সঞ্চালনা করেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান।