জঙ্গি দমনে পুলিশের নতুন ইউনিট এসটিজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ দমনে স্পেশাল টাস্কফোর্স গ্রুপ (এসটিজি) নামে পুলিশের নতুন একটি ইউনিট গঠন করেছে পুলিশ সদর দপ্তর। নতুন এই ইউনিট সারা দেশে তিন হাজার জঙ্গির তথ্যভান্ডার তৈরি করেছে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক জঙ্গিবাদ মোকাবিলায় এসটিজি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বলেছেন, এসটিজি রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যার রহস্য উদ্ঘাটন, দেশের বিভিন্ন স্থানে হামলায় জড়িত জঙ্গিদের গ্রেপ্তার এবং বিশিষ্ট ব্যক্তিদের হুমকিদাতা জঙ্গিদের গ্রেপ্তারে পুলিশের সংশ্লিষ্ট বিভাগকে সহায়তা করেছে।
পুলিশ সদর দপ্তরের সূত্র বলেছে, জঙ্গিবাদ দমনে বিশ্বের বিভিন্ন দেশে কাউন্টার টেররিজম ইউনিট থাকলেও বাংলাদেশে এখনো তা গঠন করা হয়নি। এই ইউনিট গঠনে দেরি হওয়ায় আইজিপি জঙ্গিবাদ মোকাবিলায় এসটিজি গঠনের সিদ্ধান্ত নেন। গত বছরের ১০ অক্টোবর সারা দেশের এক হাজারের বেশি চৌকস পুলিশ সদস্য নিয়ে এসটিজি গঠন করা হয়। জেলা পর্যায়ে এসটিজির প্রধানের দায়িত্বে রয়েছেন সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা। মহানগর ও বিভাগীয় শহরে এসটিজির প্রধানের দায়িত্বে আছেন পুলিশ সুপার বা অতিরিক্ত উপমহাপরিদর্শক পর্যায়ের একজন কর্মকর্তা। এসটিজির সমন্বয়কের দায়িত্বে রয়েছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-গোপনীয়) মো. মনিরুজ্জামান।
ঢাকা মহানগরে এসটিজির প্রধানের দায়িত্বে আছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম। জঙ্গিবাদ নিয়ন্ত্রণে এসটিজির ঢাকা মহানগরের প্রধান মনিরুল ইসলাম ও পুলিশ সদর দপ্তরের এআইজি প্রতি মাসে বিভিন্ন জেলার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দুবার বৈঠক করেন। এ দুই কর্মকর্তা জঙ্গি দমনে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।
এসটিজির সূত্র বলেছে, গত বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত সারা দেশে ৬৫১টি মামলায় ২ হাজার ৬৩১ জন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ৫০৮টি মামলায় ২ হাজার ৭৫২ জন জঙ্গিকে অভিযোগপত্রভুক্ত আসামি করা হয়। জঙ্গি-সংক্রান্ত ১২২টি মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে ২১টি মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
এসটিজির সমন্বয়ক এআইজি মনিরুজ্জামান গত রোববার প্রথম আলোকে বলেন, এসটিজি সারা দেশে তিন হাজার জঙ্গির তথ্যভান্ডার তৈরি করেছে। এতে দেখা যায়, কোনো কোনো জঙ্গি একাধিকবার গ্রেপ্তার হয়েছে। তথ্যভান্ডারের সহায়তায় জঙ্গিদের গ্রেপ্তার ও জামিনে থাকা জঙ্গিদের নজরদারি করা সহজ হচ্ছে।