জঙ্গি দমনে পুলিশের সফলতা বিশ্বব্যাপী প্রশংসিত: আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের সফলতা বিশ্বব্যাপী প্রশংসিত বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

শুক্রবার বিকেলে ঝালকাঠি পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং ও জঙ্গি-সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান আলোচক হিসেবে আইজিপি এসব কথা বলেন। তিনি বলেন, জঙ্গিবাদ সমস্যা বিশ্বের অনেক দেশে আছে। জঙ্গিরা বেছে বেছে নিরীহ মানুষকে হত্যা করে। মানবতা ও ধর্মের বিরুদ্ধে জঙ্গিদের অবস্থান। এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

আইজিপি বলেন, অনেকে বলেন জঙ্গিদের গ্রেপ্তার না করে কেন হত্যা করা হয়। পুলিশের ওপর যখন জঙ্গিরা হামলা চালায়, তখনই তাদের গুলি করা হয়। ২০১৩ সালে বিএনপি-জামায়াত আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও ও দেশে গুপ্তহত্যা চালিয়ে ছিল। তারা ১৬ জন পুলিশ সদস্যকে হত্যা করেছে। সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে কমিউনিটি পুলিশিং কাজ করলে দেশ থেকে মাদক, জঙ্গিবাদসহ সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব। স্থানীয় অনেক বিরোধ মামলা না করে কমিউনিটি পুলিশের মাধ্যমে মীমাংসা করা যেতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, একটি দেশকে ধ্বংস করতে হলে যুদ্ধ লাগে না। মাদক দিয়েই ধ্বংস করা সম্ভব। কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদার করা হলে দেশ থেকে সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব হবে।

ঝালকাঠি জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি আবদুল মান্নান রসূলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশালের পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন, বরিশালের ভারপ্রাপ্ত উপমহাপরিদর্শক মো. আকরাম হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঝালকাঠির পুলিশ সুপার সুভাস চন্দ্র সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক মানিকহার রহমান, জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার প্রমুখ।