জঙ্গি দমনে পুলিশের সাফল্য প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গি দমনে পুলিশ যে সাফল্য দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। পুলিশের এই কৃতিত্বপূর্ণ অবদান শুধু দেশেই নয়, বিশ্ববাসীরও কাছেও প্রশংসিত হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশ সদর দপ্তরের সম্মেলনকক্ষে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে আপনারা (পুলিশ) ছাড় দেবেন না। আমাদের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’ তিনি বলেন, পুলিশ বাহিনীতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন হয়েছে। জনসেবাধর্মী পুলিশি ব্যবস্থা ধরে রাখার জন্য আপনাদের আরও দায়িত্বশীল আচরণ করতে হবে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক দিনব্যাপী অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন। সভায় পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, ঢাকার পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় আইজিপি শহীদুল হক বলেন, মাদকদ্রব্যের চোরাচালান নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা বাড়াতে হবে। মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ দেখাতে হবে। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন মামলা নিবিড়ভাবে তদারক করতে হবে। তিনি শিশু হত্যা, অপহরণ, শিশু ধর্ষণ মামলা নিয়মিত তদারক করার জন্য জেলার পুলিশ সুপারদের নির্দেশ দেন। আইজিপি জঙ্গিদের বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকার জন্যও মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন।

সভায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. জহিরুল ইসলাম ভূঁইয়া জুলাই থেকে সেপ্টেম্বর মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি তুলে ধরেন। পর্যালোচনায় দেখা যায়, এই তিন মাসে সারা দেশে মামলার সংখ্যা ছিল ৪৬ হাজার ৩৫০টি। এ সময়ে সারা দেশে ডাকাতি, দস্যুতা, খুন, দাঙ্গা, ধর্ষণ, অপহরণসংক্রান্ত মামলা গত এপ্রিল থেকে জুন মাসের তুলনায় কমেছে। তবে জুলাই থেকে সেপ্টেম্বর মাসে অ্যাসিড নিক্ষেপ, নারী নির্যাতন (ধর্ষণ ও অ্যাসিড ব্যতীত), শিশু নির্যাতন, গাড়ি চুরিসংক্রান্ত মামলার সংখ্যা বেড়ে গেছে।

সভায় পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক শেখ হিমায়েত হোসেন, অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন ও অপারেশনস) মো. মোখলেসুর রহমান, র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।