জঙ্গি দমনে বাংলাদেশের পাশে বিশ্ববাসী: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ জঙ্গিবাদ মোকাবিলায় দৃষ্টান্ত স্থাপন করেছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বিশ্ব সম্প্রদায়ের সবাই বাংলাদেশের পাশে আছে। তিনি আরও বলেন, ‘জঙ্গিদের মদদদাতা সে কে এটা আমি দেখতে চাই না। তাদের যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে।’
আজ শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।
সাম্প্রতিক জঙ্গি হামলার বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘তদন্ত কমিটি কাজ করছে। আমরা সতর্কতা ও সচেতনতা অবলম্বন করছি। কোথা থেকে তারা (জঙ্গিরা) অর্থ ও অস্ত্র পেল। কারা হামলা করতে উৎসাহিত করল। সব বের করতে পারব। জনগণের শক্তি বড় শক্তি। তিনি বলেন, জঙ্গিদের মরদেহগুলো এখনো রয়ে গেছে। নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে। যেগুলো দেশে সম্ভব সেগুলো দেশে হচ্ছে, বাকিগুলো বিদেশে। কীভাবে ঠান্ডা মাথায় নিষ্ঠুরভাবে মানুষ হত্যা করে তা বের করার চেষ্টা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, গুলশানে জঙ্গি হামলায় অনেকের ধারণা ছিল সুনাম ক্ষুণ্ন হবে। কিন্তু জঙ্গি দমনে বিশ্বের প্রায় সব দেশ সরকারের সঙ্গে আছে। জঙ্গি দমনে সরকারের সঙ্গে তারা একাত্মতা পোষণ করেছেন।
জঙ্গি কার্যক্রমে বিপথগামী তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সমস্যার সমাধান হয় না। এর মধ্য দিয়ে যারা প্রকৃত মুসলমান তাদের বিরূপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়। মুসলমানদের বিশ্বের মানুষ ঘৃণার চোখে দেখে। আমরা অন্যের কাছে ছোট হয়ে যাই।’
খুনিদের মদদদাতাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, খুনিদের যে শাস্তি-তাদেরও সে শাস্তি হবে। ইহকালে ধরা পড়লেও শাস্তি পাবে। পরকালেও শাস্তি পাবে।
জঙ্গিবাদ দমনে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সন্তানদের ওপর নজর রাখতে অভিভাবকদের অনুরোধ করেন। শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
শোকের মাস আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি, ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস, ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনসহ আরও বেশ কিছু দিবসভিত্তিক কর্মসূচি চূড়ান্ত করতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারা বৈঠকে উপস্থিত রয়েছেন।