জঙ্গি দমনে শহীদের সঠিক সংজ্ঞা প্রচারের পরামর্শ

জঙ্গি প্রতিরোধে সরকারের বিভিন্ন দপ্তরের মাঠকর্মীদের ‘ওয়াচম্যান’ হিসেবে কাজে লাগানোর পাশাপাশি শিক্ষাঙ্গন ও মসজিদের মাধ্যমে শহীদের সঠিক সংজ্ঞা প্রচার করার পরামর্শ দিয়েছে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সন্ত্রাস ও নাশকতা কমিটির সভায় এসব বক্তব্য উঠে আসে। সভায় সন্তানদের ওপর অভিভাবকদের নজর রাখার পরামর্শ দেওয়া হয়।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন রাজনীতিক, সরকারি কর্মকর্তা, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সিভিল সার্জন মো. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘শিক্ষার্থীদের মাথা ধোলাই করা হচ্ছে এই বলে যে কিছু মানুষকে মেরে নিজে মরলে শহীদের মর্যাদা পাওয়া যাবে। খুব সহজে জান্নাতে যাওয়া যাবে। কিন্তু এ রকম কাজ যারা করে, তাদের স্থান জাহান্নামে। এ জন্য শহীদের আসল সংজ্ঞা ব্যাপক হারে প্রচারের ব্যবস্থা করতে হবে। এতে শিক্ষার্থীরা বিষয়টি সম্পর্কে জানবে। ফলে তাদের সহজেই ব্রেইন ওয়াশ করা যাবে না।’
আজিজুর রহমান সিদ্দিকী বলেন, জঙ্গিরা সাধারণত দুর্গম পাহাড়ি এলাকায় এবং মানুষের আবাস বেশি যেমন ঢাকা, চট্টগ্রাম—এসব স্থানে ঘাঁটি গড়ে তোলে। দুর্গম এলাকার জন্য সরকারের স্বাস্থ্য, কৃষি, মৎস্যসহ বিভিন্ন সরকারি দপ্তর এবং বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীদের ওয়াচম্যান হিসেবে কাজে লাগানো যাবে। যেহেতু এসব কর্মী বিভিন্ন পাড়ায় এবং ঘরে ঘরে যান, তাই তাঁরা অপরিচিত লোক ঘাঁটি গাড়লে খবর দিতে পারবেন।
সভায় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, নামাজ পড়ে না, রোজা রাখে না কিন্তু হঠাৎ করে ছাত্ররা জঙ্গি হয়ে যাচ্ছে। ইসলাম শান্তির ধর্ম। কিন্তু আজ এদের কারণে শান্তির ধর্ম বিতর্কিত হচ্ছে। জঙ্গি প্রতিরোধে শুধু ইমামদের নয়, মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গেও বৈঠক করা হবে।
সভায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাবুদ্দিন বলেন, জঙ্গি প্রতিরোধে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং ইসলাম সম্পর্কে সঠিক শিক্ষা দিতে হবে।
সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ আইয়ুব বলেন, একজন ছাত্র দিনে সব মিলিয়ে চার ঘণ্টা শিক্ষাপ্রতিষ্ঠানে থাকে। বাকি ২০ ঘণ্টা সে কী করে, তার প্রতি অভিভাবকদের নজর রাখতে হবে। তাদের ব্যাগ এবং বইয়ের বিষয়ে খোঁজখবর রাখা জরুরি। ১৮ থেকে ২৩ বছরের শিক্ষার্থীদের প্রতি বেশি নজর দিতে হবে। ধর্মীয় শিক্ষার অপব্যাখ্যা যেন তারা না পায়, সে বিষয়টিতে খেয়াল রাখতে হবে।
চট্টগ্রামের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) উপপরিচালক মোস্তফা কামাল বলেন, জঙ্গি প্রতিরোধে উপজেলা পর্যায়েও এ রকম সচেতনতা সভা করা জরুরি। এ ছাড়া বিভিন্ন প্রচারপত্র বিলি করতে হবে।