জঙ্গি দমনে সরকার এক পায়ে খাড়া : ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বর্তমান গণতান্ত্রিক ও নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার মহাপরিকল্পনার অংশ হিসেবে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ ও শোলাকিয়ায় জঙ্গি হামলা করা হয়েছে। এগুলো পরিকল্পিত হামলা।
আজ রোববার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে সম্প্রচারমাধ্যমের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এ হামলার পেছনে আর কারা জড়িত রয়েছে, তা বের করার জন্য তদন্ত হচ্ছে।
হামলার দুই ঘটনার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, জঙ্গি ও সন্ত্রাসী হামলা মোকাবিলা করতে সরকার সক্ষম। বর্তমানে সরকারের একটাই নীতি—ওদের (জঙ্গিদের) ধ্বংস করে দেওয়া। শেখ হাসিনার সরকার জঙ্গি দমনে এক পায়ে খাড়া। তিনি এসব ঘটনাকে ধর্মবিরোধী বলেও উল্লেখ করেন।
প্রারম্ভিক বক্তৃতায় মন্ত্রী জঙ্গিবাদ দমনে গণমাধ্যমের সাহায্য কামনা করেন। তিনি বলেন, জঙ্গিবাদ উন্নয়ন, গণতন্ত্র ও গণমাধ্যমের শত্রু।
বৈঠকে বিভিন্ন সম্প্রচারমাধ্যমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।