জঙ্গি দমনে সরকারের ভূমিকা প্রশংসনীয়: ব্রিটিশ হাইকমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি ও সন্ত্রাস দমনে বর্তমান সরকারের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক। তিনি বলেছেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ব্রিটিশ সরকার বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে। আন্তর্জাতিক পরিমণ্ডলেও এটা নিয়ে দুই দেশ একসঙ্গে কাজ করবে।’ 


আজ শনিবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় অ্যালিসন ব্লেক এসব কথা বলেন। পরে দলটি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিস্তারিত জানানো হয়।

অ্যালিসন ব্লেক বলেন, ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬ তম সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায় অব্যাহত সমর্থন ও আস্থার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। বাংলাদেশের সব রাজনৈতিক দলকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।

বৈঠকে ওবায়দুল কাদের বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো একটি বৈশ্বিক সমস্যা সমাধানে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি ব্রিটিশ হাইকমিশনারকে জানান, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।

এ সময় আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, মাহবুব উল আলম হানিফ, মহিবুল হাসান চৌধুরী, ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক শাখা প্রধান আদ্রিয়ান জোন্স প্রমুখ উপস্থিত ছিলেন।