তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বর্তমানে জঙ্গি দমনের যুদ্ধ একটা রাজনৈতিক কর্তব্য। যাঁরা জঙ্গি দমনের যুদ্ধ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন, তাঁরা জঙ্গিবিরোধী অভিযানের সাফল্যকে আটকাতে চাইছেন।
গতকাল বুধবার কুষ্টিয়ার ভেড়ামারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে জঙ্গিবাদবিরোধী মতবিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি হাসানুল হক ইনু বলেন, বেগম খালেদা জিয়া যতই বিভ্রান্তির চেষ্টা করুন না কেন, যুদ্ধাপরাধীদের মতো জঙ্গিদেরও বাঁচাতে পারবেন না। তিনি মন্তব্য করেন, জঙ্গি পরিচয় নিয়ে বিভ্রান্তির কিছু নেই। তারা বঙ্গবন্ধুর খুনিদের মতোই আত্মস্বীকৃত খুনি।
জাতীয় নির্বাচন সম্পর্কে এক প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তুতি হিসেবে তাঁর দল গোছানোর নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের সঙ্গে নির্বাচনের সময় হেরফের হওয়ার কোনো সম্পর্ক নেই। নির্বাচন সাংবিধানিকভাবে যথাসময়ে অনুষ্ঠিত হবে। কেউ তা আটকাতে পারবে না। পরে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী। আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা প্রমুখ।