চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার করা দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার বিকেলে শুনানি শেষে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিপলু কুমার দে এই আদেশ দেন। আসামিরা হলেন জহুরুল হক ওরফে জসীম ও তাঁর স্ত্রী রাজিয়া সুলতানা ওরফে আরজিনা। এর আগে এই দম্পতিকে চার মামলায় মোট ২৯ দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, হত্যা ও সন্ত্রাসবিরোধী আইনের দুই মামলায় ১২ দিনের রিমান্ড শেষে জঙ্গি দম্পতিকে গতকাল আদালতে হাজির করে সীতাকুণ্ড থানার পুলিশ। তাঁদের আরও জিজ্ঞাসাবাদ করতে ওই দুই মামলায় ১৫ দিন করে ৩০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত হত্যা মামলায় তিন দিন এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই আদালত মিরসরাই থানার সন্ত্রাসবিরোধী আইনের আরেকটি মামলায় তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিকালে আদালতে জঙ্গিদের কোনো আইনজীবী ছিলেন না।
বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জঙ্গি দম্পতিকে গতকাল বিকেলে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে সীতাকুণ্ড থানার পুলিশ নিয়ে যায়। পরে তাঁদের মিরসরাই থানায় নেওয়া হবে।
গত ১৫ মার্চ সীতাকুণ্ডের আমিরাবাদ এলাকার ‘সাধন কুটির’ নামের বাড়ির একটি ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে বোমা, অস্ত্র, বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয় জহুরুল হক ও রাজিয়া সুলতানাকে। এ ঘটনায় অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা হয়। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এক কিলোমিটার দূরে প্রেমতলা এলাকায় ‘ছায়ানীড়’ নামে একটি বাড়িতে অপারেশন অ্যাসল্ট চালিয়ে বোমা ও বিস্ফোরক উদ্ধার করা হয়। আত্মঘাতী হামলায় মারা যান এক নারীসহ চার জঙ্গি এবং এক শিশু। এ ঘটনায় হত্যা ও সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা করে পুলিশ। এই চার মামলাতেই জহুরুল-রাজিয়া দম্পতি আসামি।
এর আগে ৮ মার্চ মিরসরাই উপজেলা সদরের পূর্ব গোভনিয়া এলাকার রিদওয়ান উদ্দিনের মালিকানাধীন রিদওয়ান মঞ্জিলে পুলিশ অভিযান চালায়। ওই বাড়ির নিচতলায় দুই জঙ্গি ভাড়া থাকতেন। বাড়িটি থেকে বোমা ও বিস্ফোরক উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিন রাতে মিরসরাই থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। গতকাল এই মামলায় জহুরুল ও রাজিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।