জঙ্গি দম্পতি রিমান্ড শেষে কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার করা দম্পতিকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে। আসামিরা হলেন জহুরুল হক ওরফে জসীম ও তাঁর স্ত্রী রাজিয়া সুলতানা ওরফে আরজিনা। গতকাল সোমবার চট্টগ্রামের জে৵ষ্ঠ বিচারিক হাকিম শিপলু কুমার দে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, মিরসরাই থানার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জঙ্গি দম্পতিকে পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। রিমান্ডে আসামিরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন পুলিশকে। এগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
গত ১৫ মার্চ সীতাকুণ্ডের আমিরাবাদ এলাকার ‘সাধন কুটির’ নামের বাড়ির একটি ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে বোমা, অস্ত্র, বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয় জহুরুল হক ও রাজিয়া সুলতানাকে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে এক কিলোমিটার দূরে প্রেমতলা এলাকায় ‘ছায়ানীড়’ নামের একটি বাড়িতে অভিযান চালিয়ে বোমা ও বিস্ফোরক উদ্ধার করা হয়। সেখানে আত্মঘাতী হামলায় মারা যান এক নারীসহ চার জঙ্গি ও এক শিশু।
এর আগে ৮ মার্চ মিরসরাই উপজেলা সদরের পূর্ব গোভনিয়া এলাকার রিদওয়ান উদ্দিনের মালিকানাধীন রিদওয়ান মঞ্জিলে পুলিশ অভিযান চালায়। ওই বাড়ির নিচতলায় দুই জঙ্গি ভাড়া থাকতেন। বাড়িটি থেকে বোমা ও বিস্ফোরক উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিন রাতে মিরসরাই থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। এই মামলায় গত ১২ এপ্রিল জহুরুল ও রাজিয়াকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।