জঙ্গি ধরতে মিয়ানমারে ভারতের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সেনাবাহিনী দেশটির মণিপুর ও নাগাল্যান্ড রাজ্যের সীমান্ত পার হয়ে মিয়ানমারে অভিযান চালিয়েছে। এতে সেখানে লুকিয়ে থাকা উত্তর-পূর্বাঞ্চলীয় ভারতের শতাধিক জঙ্গি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে নিজেদের ভূখণ্ডে ভারতীয় বাহিনীর এ অভিযান চালানোর কথা অস্বীকার করেছে মিয়ানমার। খবর রয়টার্স, টাইমস অব ইন্ডিয়াও ইউএনবির।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার বলেছে, গত মঙ্গলবার রাত তিনটা থেকে পৌনে এক ঘণ্টা ধরে সেনাবাহিনী এ অভিযান চালায়। এতে অনেকে নিহত হয়েছে। তারা উত্তর-পূর্ব ভারতের জঙ্গি। অভিযানে বিমানবাহিনী হেলিকপ্টার ও ড্রোন দিয়ে (চালকবিহীন বিমান) সহায়তা দেয়।

গণমাধ্যমের খবরে বলা হয়, গত সপ্তাহে মণিপুরে জঙ্গিদের হামলায় ২০ জন ভারতীয় সেনাসদস্য নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবেই চালানো হয় এ অভিযান। গত দুই দশকে মণিপুরে আর এত বড় জঙ্গি হামলার শিকার হয়নি সেনাবাহিনী। এ ছাড়া নিজের সীমান্ত পেরিয়ে প্রতিবেশী মিয়ানমারে এ অভিযান চালানোর ঘটনাও ভারতের এটাই প্রথম।

ভারতীয় সেনাবাহিনী বলেছে, জঙ্গি সংগঠন ন্যাশনালিস্ট সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড (খাপলাং) ও তাদের সহায়তাকারী আরেকটি গোষ্ঠীর দুটি শিবির লক্ষ্য করে ওই অভিযান পরিচালনা করা হয়। নাগাল্যান্ড সীমান্তবর্তী মিয়ানমারের তুয়েনস্যাং ও মণিপুর সীমান্তবর্তী উখরুল এলাকায় দুটি হামলা চালানো হয়। হামলার বিষয়ে মিয়ানমার সরকারের সঙ্গে তাদের যোগাযোগ ছিল।

 ভারতের সেনাবাহিনীর অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মেজর জেনারেল রণবীর সিং অভিযানকে সফল আখ্যায়িত করে বলেন, (ভারতীয় সেনাদের ওপর) নতুন করে হামলার পরিকল্পনার বিষয়ে তথ্য পেয়েই এ অভিযান চালানো হয়েছে। তবে কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে এ অভিযান চালানোর কথা অস্বীকার করেন তিনি।

ভারতের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর বলেন, জঙ্গিদের ঘাঁটিতে হামলা চালিয়ে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হামলার নির্দেশ দেন। হামলার জন্য মোদিকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে রাজ্যবর্ধন সিং বলেন, ‘এ হামলার মধ্য দিয়ে প্রতিবেশীদের প্রতি আমরা এ বার্তা দিতে চাই যে সীমান্তের ওপার থেকে কোনো জঙ্গি হামলা আমরা সহ্য করব না। সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে, এমন কোনো দলকেও কেউ যদি আশ্রয় দেয়, তবে আমরা সময় ও জায়গা ঠিক করে হামলা চালাব।’ তাঁকে উদ্ধৃত করে আইবিএন লাইভ বলেছে, জঙ্গি দমনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা আমাদের পছন্দমতো যেকোনো জায়গায়, যেকোনো সময় হামলা চালাব।

সরকারের কিছু সূত্র বলেছে, সীমান্ত পেরিয়ে ভিন দেশে এমন হামলার জন্য রাজনৈতিক নেতৃত্ব সবুজসংকেত দিয়েছে। কেননা, গত কয়েক সপ্তাহে তিন দফা জঙ্গি হামলায় ৩০ জন সেনাসদস্য নিহত হওয়ার পর এ বাহিনীর মনোবল ধরে রাখতে এটা প্রয়োজন ছিল।

খবরে বলা হয়, সেনাবাহিনীর এ অভিযানকালে জঙ্গি বা মিয়ানমার সরকার কারও পক্ষ থেকে কোনো ধরনের প্রতিরোধের সম্মুখীন হতে হয়নি। জঙ্গিরা একটিও গুলি ছোড়েনি। অভিযানের পর থেকে ঘটনাস্থল ঘিরে রেখেছে মিয়ানমার।

বাংলাদেশ, চীন, ভুটান ও মিয়ানমার দিয়ে ঘেরা উত্তর-পূর্ব ভারতে বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বা জঙ্গি সংগঠন সক্রিয়। স্বায়ত্তশাসন বা ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য লড়াই করছে তারা। এ অবস্থায় এই অঞ্চলে কয়েক দশক ধরেই সেনা মোতায়েন করে রেখেছে ভারত। সেনাবাহিনী বরাবর অভিযোগ করছে, সীমান্তবর্তী কিছু দেশে এই জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল রয়েছে।

মিয়ানমারের অস্বীকার: সীমান্ত অতিক্রম করে ভারতীয় সেনাবাহিনীর এ হামলা চালানো-সংক্রান্ত গণমাধ্যমের খবর গতকাল নাকচ করে দিয়েছে মিয়ানমার। দেশটি বলেছে, তার সীমানার ভেতর এ রকম কোনো হামলার ঘটনা ঘটেনি এবং প্রতিবেশী দেশে আক্রমণ চালাতে জঙ্গিগোষ্ঠীগুলোকে তার মাটি ব্যবহার করতে দেবে না সে।

মিয়ানমারের প্রেসিডেন্ট কার্যালয়ের পরিচালক জ এইচ তে গতকাল ফেসবুকে এক বার্তায় বলেন, ‘তাতমাদো (মিয়ানমারের সেনাবাহিনী) ব্যাটালিয়নের পাঠানো তথ্য অনুযায়ী আমরা জেনেছি, ওই অভিযান ভারত-মিয়ানমার সীমান্তের ভারতের ভেতর হয়েছে।’