জঙ্গি নিয়ে মাঠে নেমেছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ অভিযোগ করেছেন, বিএনপি-জামায়াত জোট আগামী নির্বাচনকে কেন্দ্র করে জঙ্গিদের নিয়ে মাঠে নেমেছে। জঙ্গি সংগঠনগুলো তাদের তত্পরতা শুরু করেছে।

আজ বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বনমন্ত্রী এ অভিযোগ করেন।

বিএনপির চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পাচার করা অর্থ ফিরিয়ে আনা এবং এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাব দিতেই দলের প্রচার সম্পাদক হিসেবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বলে জানান হাছান মাহমুদ।

ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘তৃতীয়বারের মতো আরাফাত রহমান কোকোর বিদেশে পাচার করা অর্থ ফেরত আনা হলো। চেয়ারপারসনের দুই ছেলের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ সিঙ্গাপুর ও আমেরিকার আদালতে প্রমাণিত। সিঙ্গাপুরের আদালতের নির্দেশে টাকা ফেরত আনা হয়েছে।’

বনমন্ত্রী জানান, তিন দফায় লভ্যাংশসহ ফেরত আনা হয়েছে ২১ কোটি ৫৫ হাজার ৩৯৪ টাকা। সর্বশেষ ১৩ আগস্ট সিঙ্গাপুর ওভারসিস ব্যাংক থেকে নয় লাখ ৫৬ হাজার ৩৮৭ মার্কিন ডলার (সাত কোটি ৪৩ লাখ ৬৯ হাজার ৪১৫ টাকা) বাংলাদেশে পাঠানো হয়।

হাছান মাহমুদ সংবাদ সম্মেলনে বলেন, ‘ক্ষমতায় থাকার সময় দেশকে টানা পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করার জন্য বিএনপি-জামায়াত জোটকে জাতির কাছে ক্ষমা চাইতে অনুরোধ করব। আর না হলে জনগণের কাছে তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই।’

সংসদকে আলোচনার সর্বোত্তম স্থান উল্লেখ করে আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘সংবিধানের অধীনে বিএনপির জন্য কীভাবে শঙ্কামুক্তভাবে নির্বাচন করা যায়, তা নিয়ে কোনো প্রস্তাব থাকলে সংসদে এসে আলোচনা করতে পারেন। আশা করি, তাঁরা তা করবেন।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এবং চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম প্রমুখ।