
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমরা কখনো জঙ্গি নির্মূলের দাবি করিনি। তবে জঙ্গি নিয়ন্ত্রণ করতে পেরেছি।’ জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনায় গতকাল বুধবার তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, শোলাকিয়া, আশুলিয়াসহ বেশ কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় নাশকতার চেষ্টা ভন্ডুল করা সম্ভব হয়েছে।
মাদক নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের কারাগারে ১৭ শতাংশ মাদক মামলার আসামি। মাদক মামলার নিষ্পত্তিতে সহজে সাক্ষী পাওয়া যায় না। এ জন্য সরকার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছে। দেশে মাদক উৎপাদনের কোনো কারখানা নেই। প্রতিবেশী দেশ থেকে মাদক বাংলাদেশে প্রবেশ করে।
মন্ত্রী আরও বলেন, সময়মতো সবাইকে মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়া সম্ভব হয়েছে। সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে বিদেশ থেকে একজন শ্রমিককেও দেশে ফিরতে হয়নি। সময়মতো সবাইকে পাসপোর্ট দেওয়া সম্ভব হয়েছে। শিগগির ই-পাসপোর্ট চালু করা হবে।