জঙ্গি নেতা রাজীব গান্ধীর সাত দিনের রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের হলি আর্টিজানে হামলার পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মালঞ্চা গ্রামের জঙ্গি তুহিন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বিরুদ্ধে এই রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মঙ্গলবার দুপুরে গাইবান্ধার বিচারিক হাকিম আদালতে রাজীবকে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে গোবিন্দগঞ্জ থানা-পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক সঞ্চিতা রাণী বিশ্বাস সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম রিমান্ড মঞ্জুরের কথা নিশ্চিত করেছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মঙ্গলবার বিকেলে মুঠোফোনে বলেন, গত বছরের ৯ জুন গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে রাজীব গান্ধীর গ্রামের বাড়িতে নাশকতা চালানোর জন্য জেএমবির সদস্যদের গোপন বৈঠক চলছিল। খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। টের পেয়ে জঙ্গি সদস্যরা পুলিশের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জঙ্গি তুহিন মিয়া (৩৫) নিহত হন। ঘটনাস্থল থেকে বেশ কিছু গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই রাজীব গান্ধীসহ কয়েকজনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন জানানো হয়। আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৩ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীর আলমকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করে পুলিশ। গুলশান হামলায় জড়িত যে কয়জনকে জীবিত ধরা হয়েছে, তাঁদের মধ্যে রাজীব গান্ধী অন্যতম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজীব গান্ধী গুলশান ও শোলাকিয়া হামলায় জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। পুলিশের অভিযানে নিহত জঙ্গি নেতা তামিম চৌধুরী ও নুরুল ইসলাম ওরফে মারজানের সঙ্গে গুলশান হামলার পরিকল্পনায় তিনি সরাসরি জড়িত ছিলেন। এ ছাড়া জাপানি নাগরিক কুনিও হোশি, টাঙ্গাইলের দরজি নিখিল চন্দ্র জোয়ারদার, পাবনার পুরোহিত নিত্যরঞ্জন পাণ্ডে, রংপুরের মাজারের খাদেম রহমত আলী, কুষ্টিয়ার চিকিৎসক সানাউর, পঞ্চগড়ের পুরোহিত যজ্ঞেশ্বর, দিনাজপুরের হোমিও চিকিৎসক ধীরেন্দ্রনাথ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীসহ ২২টি হত্যার ঘটনায় তিনি পরিকল্পনাকারী ছিলেন।

এ ছাড়া গত বছরের ৮ ফেব্রুয়ারি ভোরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের মধ্যপাড়া এলাকার ব্যবসায়ী তরুণ দত্ত (৩৮) এবং গত ২৫ মে সকালে একই উপজেলার মহিমাগঞ্জ বাজারের জুতা ব্যবসায়ী দেবেশ চন্দ্র প্রামাণিক (৬৮) হত্যা মামলার আসামি তিনি। এই দুই হত্যা মামলার অভিযোগপত্রে জাহাঙ্গীরের নাম আছে।