জঙ্গি পরিচয়ে চট্টগ্রামে বিচারককে হত্যার হুমকি, যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর আদালতের যুগ্ম জজ জান্নাতুল ফেরদৌসকে গ্রেনেড মেরে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আবু সাঈদ নামের এক যুবককে পুলিশ গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে। জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য পরিচয় দিয়ে সাঈদ ডাকযোগে চিঠি পাঠিয়ে বিচারককে হুমকি দেন। চিঠিটি গতকাল যুগ্ম জজের কার্যালয়ে এসে পৌঁছায়। এ ঘটনায় মহানগর দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা ফরিদ আহমদ কোতোয়ালি থানায় একটি মামলা করেন।রেজিস্টার্ড ডাকযোগে পাঠানো চিঠিতে বলা হয়, ‘আগামী ২৭ চৈত্র (১০ এপ্রিল) বেলা ১১টায় আদালত প্রাঙ্গণে জান্নাতুল ফেরদৌসকে গ্রেনেড মেরে হত্যা করব ইনশাল্লাহ।’ চিঠির নিচে আবু সাঈদের সই রয়েছে। সইয়ের নিচে লেখা, জেএমবি সদস্য, চট্টগ্রাম অঞ্চল। চিঠিতে আবু সাঈদ নিজেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চট্টগ্রাম অঞ্চলের সদস্য বলে দাবি করেন।একই খামে র‌্যাব-৭-এর পরিচালককে উদ্দেশ করে লেখা আরেকটি চিঠি ছিল। ওই চিঠি অবশ্য টাইপ করা। এতে একটি মামলার রায় প্রত্যাহারের অনুরোধ করা হয়েছে। আবু সাঈদের সই করা চিঠিতে বলা হয়, ‘বিচারক জান্নাতুল ফেরদৌস গত ৭ মার্চ মিথ্যা আদেশ দিয়ে আমার ভাই মোহাম্মদ হারুনুর রশিদকে চার বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন।’কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘আইনজীবী ও আদালতের কর্মচারীরা আবু সাঈদকে শনাক্ত করেন। চিঠিতে যে সই আছে, সেটা সাঈদের বলে মনে হচ্ছে। সাঈদ জেএমবির জঙ্গি কি না, সেটা আমরা তদন্ত করে দেখছি।’ গতকাল দুপুরে কোতোয়ালি থানায় সাঈদ প্রথম আলোকে বলেন, ‘আমি চট্টগ্রাম আইনজীবী সমিতির এনেক্স ভবনের একটি চায়ের দোকানে কাজ করি। দোকানটির নাম “ইত্যাদি”। এর মালিক ইলিয়াছ।’ আরেক প্রশ্নের জবাবে সাঈদ বলেন, তাঁর বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকায়। দুই বছর আগে তিনি চায়ের দোকানে চাকরি নেন।’ চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ কর্মকর্তা ওমর ফুয়াদ জানান, সাঈদ এনেক্স ভবনের ‘ফিজা ফুড’ নামের একটি চায়ের দোকানে কাজ করেন। ‘ইত্যাদি’ নামের দোকানে তাঁর কাজ করার দাবি সত্য নয়। আর চিঠির নিচে সাঈদ নিজেই সই করেছেন।