জঙ্গি পার্টনারদের উচ্ছেদ এখন জাতীয় কর্তব্য: ইনু
জঙ্গিবাদ নির্মূলের পাশাপাশি ‘যুদ্ধাপরাধী ও জঙ্গি-পার্টনারদের’ উচ্ছেদ করা এই মুহূর্তের প্রধান জাতীয় রাজনৈতিক কর্তব্য বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় স্বাগত ভাষণে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, গুলশান-শোলাকিয়ার পর বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করে খালেদা জিয়া আবারও প্রমাণ করলেন যে জঙ্গিবাদী ও যুদ্ধাপরাধীদের সঙ্গে তাঁর পার্টনারশিপের রাজনীতি অব্যাহত রয়েছে। একই কায়দায় যুদ্ধাপরাধের বিচারপ্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে খালেদা জিয়া যুদ্ধাপরাধীদেরও বাঁচাতে চেয়েছিলেন। তিনি বলেন, বিএনপি যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদীদের সঙ্গে পার্টনারশিপের রাজনীতি ছাড়তে পারবে না। সে কারণেই জঙ্গিবাদ নির্মূলের প্রক্রিয়ায় যুদ্ধাপরাধী ও জঙ্গি-পার্টনারদেরও উচ্ছেদ করতে হবে।
সভায় রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিবেদন উত্থাপন করেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার। রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিবেদনে তিনি বলেন, ‘জঙ্গিবাদবিরোধী অভিযানে সাফল্য অব্যাহত রাখতে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিক সমাবেশ ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা এবং ১৪ দলের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী নাগরিক কমিটির কাজ আরও সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে।’