
বিশিষ্ট আইনবিদ ড. কামাল হোসেন বলেছেন, গুলশান, শোলাকিয়াসহ সব ধরনের জঙ্গি হামলা প্রতিরোধে দেশের মানুষ একমত। অর্থাৎ এ ব্যাপারে জাতীয় ঐকমত্য রয়েছে। এই ঐকমত্যের ভিত্তিতে কার্যকর প্রতিরোধব্যবস্থা গ্রহণের জন্য দেশবাসীকে সোচ্চার করে তুলতে জাতীয় ঐক্য দরকার, যা এখনো হয়নি।
কামাল হোসেন বলেন, দেশের কোথাও আর যাতে এ ধরনের জঘন্য ঘটনা ঘটতে না পারে সে জন্যই জাতীয় ঐক্য দরকার। এই ঐক্য গড়ে তুলতে জাতীয় নেতৃত্বের ওপর চাপ সৃষ্টি করার জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে তরুণসমাজের প্রতি তিনি আহ্বান জানান। তিনি বলেন, ভয় পেয়ে চুপ করে থাকলে চলবে না।
‘তরুণসমাজ ও জাতীয় নিরাপত্তায় করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় ড. কামাল হোসেন এসব কথা বলেন। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে ঐক্যবদ্ধ ছাত্রসমাজ এই আলোচনার আয়োজন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, জঙ্গিবাদ মোকাবিলায় সরকারের স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসূচি থাকা দরকার। স্বল্পমেয়াদি কর্মসূচিতে জনগণের কর্তব্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা। আর দীর্ঘমেয়াদি কর্মসূচিতে শিক্ষাব্যবস্থার সংস্কারসহ অনেক কিছুই থাকা দরকার, যার কোনো কিছুই সরকারের কিংবা সুশীল সমাজের চিন্তাভাবনার মধ্যে আছে বলে মনে হয় না।
অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশের জঙ্গিবাদের একটা রাজনৈতিক পরিপ্রেক্ষিত আছে। একটা রাজনীতি আছে। দেশে সুস্থ রাজনৈতিক সংস্কৃতির চর্চা থাকলে সেই রাজনীতি মাথাচাড়া দিতে পারত না।
অধ্যাপক রেজা কিবরিয়া বলেন, মানুষের চিন্তাধারা বদলে গেছে। ১৯৭২ সালের সংবিধানকে যতই আদর্শ বলা হোক, গণতান্ত্রিক ভোটে এখন এই সংবিধান জিতবে না। কাজেই এখন বড় যুদ্ধটা হয়ে দাঁড়িয়েছে আদর্শের।
অধ্যাপক আসিফ নজরুল বলেন, গুলশান ও শোলাকিয়ার ঘটনা দেশের জননিরাপত্তায় সবচেয়ে বড় সংকট সৃষ্টি করেছে। এই সংকট সবার। তাই সবাই মিলেই তা প্রতিরোধে নামতে হবে। এ জন্য জাতীয় ঐক্যের বিকল্প নেই। কিন্তু জাতীয় ঐক্যের কথা বলে বড় দুটি রাজনৈতিক দলই অপরাজনীতি করছে।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, দেশীয় ও আন্তর্জাতিক অনেক কারণে ক্ষুব্ধ গোষ্ঠী জঙ্গিবাদের সঙ্গে যুক্ত হয়েছে। দেশে প্রকৃত গণতন্ত্রের অনুপস্থিতি, দুর্নীতি, বঞ্চনা প্রভৃতি তাদের বিপথগামী হওয়ার পথ সুগম করেছে। তাঁর বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস বলেন, জঙ্গিরা দুর্নীতিবাজ হওয়ার কারণে কাউকে মেরেছে এমন নজির নেই। গৎবাঁধা কথা বলে কোনো লাভ নেই। জঙ্গিরা গণতন্ত্র কিংবা বহুত্ববাদেও বিশ্বাসী নয়। তাদের গলা পর্যন্ত ধর্মান্ধতা। তারা গণতান্ত্রিক ও বহুত্ববাদী সমাজকে মেরে ফেলতে চাইছে।
আয়োজক সংগঠনের সভাপতি আজম রূপুর সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য দেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি সুব্রত চৌধুরী, ডাকসুর সাবেক সহসভাপতি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, সাংবাদিক আবু সাঈদ খান।