জঙ্গি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নানা কর্মসূচি

সিরাজগঞ্জে জঙ্গিবাদ প্রতিরোধকল্পে জনগণের সচেতনতা সৃষ্টি ও করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় স্থানীয় সাংসদ হাসিবুর রহমান বলেন, ‘জঙ্গিরা যতই শক্তিশালী হোক না কেন, তারা আমাদের চেয়ে দুর্বল। এই বাংলার মাটিতে কোনো দিন তাদের আস্তানা গাড়তে দেওয়া হবে না। তাদের উচ্ছেদ করতেই হবে। এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’ গতকাল মঙ্গলবার রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে এই মতবিনিময় সভা হয়।
সিরাজগঞ্জ ছাড়াও নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতেও গতকাল সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন, সমাবেশ ইত্যাদি কর্মসূচি পালিত হয়েছে।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুরের ইউএনও শামীম আহমেদ। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ হাসিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আজাদ রহমান, মনিরুল ইসলাম, মোস্তাক আহমেদ, আবদুল আজিজ, আবদুল কাদের বিশ্বাস, সাঈদা সিদ্দিকা, সাইফুল ইসলাম, গোলাম সাকলাইন, লোকমান হোসেন, ময়নুল ইসলাম ও হাসিবুর রহমান।
আলোচনার আগে একটি বিশাল শোভাযাত্রা শাহজাদপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নাটোরে র্যা ব-৫ সংবাদ সম্মেলন ও বিভিন্ন স্লোগানসংবলিত লিফলেট বিতরণ করেছে। গতকাল দুপুরে নাটোর প্রেসক্লাব মিলনায়তনে র্যা ব-৫-এর পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন করা হয়। এতে বক্তব্য দেন র্যা ব-৫-এর নাটোর ইউনিটের কোম্পানি কমান্ড্যান্ট এএসপি রেজিনুর রহমান। তিনি বলেন, জনসচেতনতা বাড়াতে তাঁরা বিভিন্ন স্লোগানসংবলিত লিফলেট বিতরণ করছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ করা সম্ভব হবে।
চাঁপাইনবাবগঞ্জে সকাল সাড়ে নয়টায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি। এতে সদর উপজেলার নামোশংকরবাটী উচ্চবিদ্যালয়, চরমোহনপুর উচ্চবিদ্যালয়, ফুলকুঁড়ি ইসলামিক একাডেমিসহ প্রায় ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন আসলাম কবির, আবদুল আজিজ, রফিকুল ইসলাম, নাজনাইন শাহনাজ, তামিজ উদ্দিন, আবদুল হান্নান প্রমুখ।
রাজশাহী নগরের লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে গতকাল মানববন্ধন হয়েছে। এতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি ছিলেন।
{সংবাদটিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন নাটোর প্রতিনিধি এবং নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী}