জঙ্গি প্রশিক্ষণ নিয়ে দেশে ধর্মভিত্তিক রাজনীতির চেষ্টা চলছে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমের প্রশিক্ষণ নিয়ে কিছু সংগঠন বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি করতে চাইছে। এদের উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা।
আইনমন্ত্রী আজ সোমবার ঢাকার রূপসী বাংলা হোটেলে ‘সার্ক রিজিওনাল জুডিশিয়াল কনফারেন্স অন মানি লন্ডারিং অ্যান্ড টেরোরিস্ট ফাইন্যান্সিং’ (অর্থপাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন বিষয়ে সার্কের আঞ্চলিক বিচারবিভাগীয় সম্মেলন) শীর্ষক তিন দিনের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
আইন মন্ত্রণালয়ের আজকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্টার টেরোরিজম ব্যুরো (সন্ত্রাস দমন বিভাগ) এবং দেশটির আইন ও বিচার মন্ত্রণালয়ের অফিস অব ওভারসিস প্রসিকিউটরিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্টেন্স অ্যান্ড ট্রেনিং (ওপিডিএটি) এ সম্মেলনের আয়োজন করে।
ওপডিএটি মূলত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগগুলোর অধীনে কাজ করে। যুক্তরাষ্ট্রের যে মিত্রদেশগুলো ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে, সেসব দেশের বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রশিক্ষণ ও সহযোগিতা দেয় এ সংস্থাটি।
আইনমন্ত্রী বলেন, ধর্মীয় মৌলবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাস এ দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রতিবন্ধক। জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমের প্রশিক্ষণ নিয়ে কোনো কোনো সংগঠন নিরীহ জনগণ ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ চালাচ্ছে। এসব সংগঠন দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও অর্থপাচার রোধে বর্তমান সরকার অর্থপাচার-বিরোধী আইন, সন্ত্রাসবিরোধী আইন, মানবপাচার-বিরোধী আইন, অপরাধসম্পর্কিত বিষয়ে পারস্পরিক সহায়তা আইন প্রণয়ন করেছে। তিনি বলেন, সন্ত্রাস ও অর্থপাচার কোনো দেশের একার পক্ষে রোধ করা কঠিন। এ জন্য আন্তদেশীয় সহযোগিতা বাড়ানো দরকার।
বর্তমান সংবিধানে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের রূপরেখা কী আছে, সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘বর্তমান সংবিধানে অন্তর্বর্তী সরকারের রূপরেখা দেওয়া আছে। ১৯৭২-এর সংবিধানেও এটা ছিল। সংবিধানের ৫৬ ও ৫৭ অনুচ্ছেদে অন্তর্বর্তী সরকার সম্পর্কে বলা হয়েছে। বিনা কারণে এ নিয়ে তর্ক সৃষ্টির প্রয়োজন আছে বলে মনে করি না।’ তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের রূপরেখা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা যায়। সবার সঙ্গে অলোচনার মাধ্যমে যে গ্রহণযোগ্য সিদ্ধান্ত আসবে, সেটি সবার গ্রহণ করা উচিত। আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান সম্ভব বলে তিনি মনে করেন।
অধিবেশনে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বক্তব্য দেন। সম্মেলনে বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তানের বিচারকেরা অংশ নিচ্ছেন।