জঙ্গি বলে গ্রেপ্তার বস্তিনেতা দুলালের মুক্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের এক মাস পর জঙ্গি হিসেবে গ্রেপ্তার দেখানো বস্তিবাসীর নেতা শাখাওয়াত হোসেন ওরফে দুলালের (৪৫) নিঃশর্ত মুক্তি দাবি করেছে ভাসানটেক পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন সংগ্রাম পরিষদ।গতকাল মঙ্গলবার পরিষদের সাধারণ সভায় এ দাবি করা হয়।সভায় ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্পের ফ্ল্যাট নির্মাণে অনিয়ম এবং ফ্ল্যাট বরাদ্দের নামে লাখ লাখ টাকা অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদ এবং সরকারি নিয়মানুযায়ী ফ্ল্যাট বরাদ্দ ও দখল বুঝিয়ে দেওয়ার দাবি জানানো হয়। পরিষদের নেতাদের দাবি, পুনর্বাসন প্রকল্পে অনিয়ম-দুর্নীতির বিরোধিতা করায় দুলাল বিপদে পড়েছেন।পরিষদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সাধারণ সভায় ভাসানটেক পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন সংগ্রাম পরিষদের নতুন কমিটি নির্বাচিত হয়। শওকত হোসেনকে সভাপতি এবং এফ এ খান ফিরোজকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট এ কমিটিতে দুলাল প্রচার সম্পাদক নির্বাচিত হন।এ ছাড়া দুলাল ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মিশুক চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও পশ্চিম ভাসানটেক গুদারাঘাট বস্তির কমিউনিটি পুলিশের সহসভাপতি। তাঁকে গত ১৬ ফেব্রুয়ারি সাদা পোশাকধারী একদল লোক অপহরণ করে। এ ঘটনায় কাফরুল থানায় অপহরণ মামলা হয়। এর প্রায় এক মাস পর ১৪ মার্চ হরকাতুল জিহাদের দুই জঙ্গিসহ দুলালকে জঙ্গি দাবি করে গণমাধ্যমের সামনে হাজির করে র‌্যাব। র‌্যাব দাবি করে, দুলালকে ওইদিন ভোরে গ্রেপ্তার করা হয়েছে।